পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০২:২৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১৩ বার পঠিত

পুলিশ বাহিনী কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশ পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।
রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের ডিজিটাল অপরাধ দমন, সাইবার নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে হবে। পাশাপাশি জনগণের বন্ধু ও সেবক হিসেবে দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, অতীতের সরকারের সময়ে পুলিশ বাহিনী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে কোনো নাগরিক যেন পুলিশি সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সকল কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানের মাধ্যমে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রশিক্ষণে অংশ নেওয়া ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এখন মাঠপর্যায়ের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হলেন।
প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি বেস্ট প্রবেশনার এবং বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ—এই দুটি পুরস্কার অর্জন করেন। এছাড়া বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড পান শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম এবং বেস্ট শ্যুটার নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ বি এম মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল অ্যাডিশনাল আইজিপি জিএম আজিজুর রহমান।





















