আইনশৃঙ্খলা নিশ্চিত না হলে নতুন বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১৫ বার পঠিত

দেশে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা ছাড়া নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার ভাষ্য, বিনিয়োগকারীদের আস্থা অর্জনের জন্য কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা অপরিহার্য। এ কারণে সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দেশের শিল্পায়ন ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীরা এমন পরিবেশেই তাদের অর্থ বিনিয়োগ করতে চান, যেখানে জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত থাকে। নিরাপত্তা নিয়ে সামান্য অনিশ্চয়তাও নতুন বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এতে শুধু বিদেশি নয়, দেশীয় উদ্যোক্তারাও নতুন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ হারাতে পারেন।
বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, সিইআইজেডসহ দেশের সব অর্থনৈতিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিল্পাঞ্চলগুলোতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিয়মিত দায়িত্ব পালন করছে। এসব এলাকায় কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খল কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বাংলাদেশ চীনা অর্থনৈতিক অঞ্চলের চেয়ারম্যান ওয়াং বেংকিয়ান, চীনা সড়ক ও সেতু করপোরেশনের (সিআরবিসি)-এর ভাইস প্রেসিডেন্ট লি চাংগুই, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ইয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।























