সংবাদ শিরোনাম :
নগরকান্দায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে তদন্তে পুলিশ
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৩:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১৮ বার পঠিত

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তারাকান্দি এলাকায় রেললাইনের পাশ থেকে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে বিষয়টি তদন্তাধীন এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের রেললাইনের পাশের পারিবারিক কবরস্থানের কাছ থেকে মাহফুজা (৯) নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ইদ্রিস মোল্ল্যার মেয়ে এবং চার ভাই-বোনের মধ্যে সবার ছোট। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে মাহফুজা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় অনুসন্ধান চালান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশের পারিবারিক কবরস্থানের নিকট থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহতের ভাবি শাহনাজ বেগম অভিযোগ করেন, মরদেহ উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে এবং শিশুটির পরনের পোশাকও ঘটনাস্থলে ছিল না। তার দাবি, এটি ধর্ষণের পর হত্যার ঘটনা হতে পারে। তিনি এ ঘটনায় সূর্য নামের এক ব্যক্তির বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেন। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত করেনি পুলিশ। নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ আল ফাহাদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে একটি শিশুর সঙ্গে খেলতে গিয়ে আঘাতে মৃত্যুর তথ্যও সামনে এসেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
















