নজরুল বর্ষ উদযাপনে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা
- আপডেট সময় : ০৬:৫৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৭২ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য চর্চা এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুল সংগীত, নৃত্য, আবৃত্তি, একক অভিনয় ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিভাগে অংশ নেয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক এ.এস.এম শফিকুল্লাহ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইব্রাহিম, কলা অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মিজানুর রহমান, পরিচালক (অর্থ) মো. আনোয়ার হুসেন এবং নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মানবর্দ্ধন পাল।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক অবদানের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার উপর গুরুত্বারোপ করেন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
















