মহাকাশ থেকে ২০২৩ বিশ্বকাপের ট্রফি সফর শুরু
- আপডেট সময় : ০৫:০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ২০৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মহাকাশ থেকে ২০২৩ বিশ্বকাপের ট্রফি সফর শুরু হয়েছে। বিশ্বভ্রমণ শুরুর আগে এটি মহাকাশে পাঠানো হয়েছিল।
আইসিসির মতে, বিশ্বকাপ ট্রফিটি পৃথিবী থেকে ১২০,০০০ ফুট উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছিল। এর মধ্য দিয়ে এবারের ট্রফি সফরের উদ্বোধন করা হয়েছে।
ট্রফিটি স্ট্রাটোস্ফিয়ারিক বেলুনের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছিল। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় ৯৯.৫ শতাংশ অতিক্রম করে গিয়েছিল সেটি। সর্বোচ্চ উচ্চতায় তাপমাত্রা ছিল মাইনাস ৬৫ ডিগ্রি সেলসিয়াস। ছবিটিফোরকে ক্যামেরা দিয়ে ধারণ করা হয়েছে।
ট্রফিটি অবশ্য মহাকাশ থেকে স্বাভাবিকভাবেই ফিরিয়ে আনা হয়েছিল।দর্শক ধারণক্ষমতার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এসে ল্যান্ড করেছে সেটি।
আইসিসি বলছে, এবারের ট্রফি সফর হবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড়। অক্টোবর-নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে ১৮টি দেশ ট্রফিটি দেখতে যাবে। বিশ্বকাপের ট্রফিটি ২৭ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত ভারতের বিভিন্ন শহরে ঘুরবে। বাংলাদেশে আসবে আগামী ৭ আগস্ট, থাকবে ৯ আগস্ট পর্যন্ত।

























