ফুটবল জাদুকরের ৩৬-এ পদার্পণ
- আপডেট সময় : ০৪:৩৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ২০৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ফুটবলের এক বিস্ময়কর জাদুকরের নাম লিওনেল মেসি। তিনি দীর্ঘদিন ধরেই ফুটবল সুপারস্টার। যার ফুটবল শৈলীতে মুগ্ধ পুরো ফুটবল বিশ্ব। ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা এবং অসংখ্য রেকর্ড যোগ হয়েছে তার নামের পাশে। আজ (২৪ জুন) ৩৬-এ পদার্পণ করলেন আর্জেন্টাইন এই জাদুকর।
১৯৮৭ সালে আজকের দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন বিশ্বের অন্যতম সেরা এ ফুটবলার। জন্মদিনে বিশ্বের কোটি কোটি ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন এই তারকা। বিশ্বকাপ জয়ের পর প্রথম জন্মদিন হওয়ায় বিশ্বজুড়ে চলছে বিশেষ সেলিব্রেশন।
বাঁ পায়ের জাদুতে কোটি ভক্তকে মন্ত্রমুগ্ধ করেছেন মেসি। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের অন্যতম সেরাদের একজন হিসেবে। শুধু তাই নয়, অনেকের কাছে তিনিই সর্বকালের সেরা। ফুটবলে একজন ফুটবলারের পক্ষে যা যা অর্জন করা সম্ভব তার সব অর্জন করেছেন এই ফুটবলার।
২০০০ সালে বার্সেলোনায় আসেন মেসি। ১১ বছর বয়সে মেসির শরীরে গ্রোথ হরমোন জনিত জটিলতা দেখা দেয়। কিন্তু তার বাবা মায়ের সেই রোগের চিকিৎসা করার মত সামর্থ্য ছিল না। মূলত, সেই চিকিৎসার জন্যই বার্সেলোনায় গিয়েছিলেন মেসি ও তার পরিবার।,সেখান থেকেই ডার ফুটবল যাত্রা শুরু হয়। মেসির ক্যারিয়ারের সবচেয়ে উজ্জল অধ্যায় অবশ্যই বার্সেলোনা। দুই বছর আগে পিএসজিতে পাড়ি জমানোর আগে কাতালান জায়ান্টদের জার্সিতে ৬৭২টি গোল করেছেন তিনি- যা একটি নির্দিষ্ট ক্লাবের জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। এর আগে রেকর্ডটির মালিক ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ১৯৫৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত খেলে ৬৪৩ গোল করেছিলেন তিনি। পেলের মতো মেসিও ক্যারিয়ারের পড়ন্তবেলায় যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে যোগ দিচ্ছেন। পেলে গিয়েছিলেন নিউইয়র্ক কসমসের হয়ে খেলতে। আর মেসি যাচ্ছেন মেজর লিগ সকারের নবীন সদস্য ইন্টার মায়ামিতে।
সবমিলিয়ে এখন পর্যন্ত ৮০৭টি (বার্সার জার্সিতে ৬৭২টি, পিএসজির জার্সিতে ৩২টি এবং আর্জেন্টিনার জার্সিতে ১০৩টি) গোল করেছেন মেসি। যদি গোলগুলোকে শরীরের বিভিন্ন অঙ্গের ভিত্তিতে ভাগ করা হয় তাহলে দেখা যাবে- বাঁ পায়ে তার গোলসংখ্যা ৬৭৬টি, ডান পায়ে ১০৩টি, হেডে গোল ২৬টি, বুক দিয়ে ১টি এবং বাকি ১টি হাত দিয়ে। তার নিজস্ব ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলটি করেন ২০০৭ সালের জুনে এসপানিওলের বিপক্ষে।
২০২১ সালে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বপ্নপূরণ হয়। সেবার কোপা আমেরিকা জিতেছিলেন মেসি। তারপর ২০২২ সালে ফিনালিসিমা। অবশেষে ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে নিজের সবথেকে বড় স্বপ্নটা পূরণ করেন মেসি। বিশ্ব চ্যাম্পিয়ন হবার পর প্রথম জন্মদিন নিশ্চিতভাবে অন্যগুলোর চেয়ে হবে বিশেষ।

























