রেকর্ড ভেঙ্গে বারবার দূষণের তালিকায় শীর্ষে কেন ঢাকা?
- আপডেট সময় : ০৫:১৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ২০৪ বার পঠিত

আয়েশা আক্তার :
বায়ু দূষণ বর্তমান বিশ্বে বৃহত্তম পরিবেশগত স্বাস্থ্য হুমকি হিসেবে বিবেচিত। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘আইকিউএয়ার’ প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সাল থেকে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। ১৯৯৮ সালের তুলনায় বায়ু দূষণ ৬৩ শতাংশ বেড়েছে। আগের সব রেকর্ডকে ভেঙ্গে বারবার দূষণের তালিকায় শীর্ষে চলে আসছে ঢাকা।
সাধারনত, শীতকালে বায়ুদূষণের মাত্রা অতিরিক্ত পরিমানে বেড়ে যায়। শীতের বাতাস গ্রীষ্মের বাতাসের চেয়ে অনেক বেশি ঘন। গরমের সময় বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর শীতের তুলায় উষ্ণ এবং হালকা থাকে। ফলে বায়ুকে উপরে দিকে সহজে উঠতে সাহায্য করে। এর ফলে দূষণ কণাগুলি মাটি থেকে দূরে চলে যায়।
তেমনি ভৌগোলিক কারণে প্রতিবছর শীতের সময় ঢাকার বায়ুদূষণ বাড়ার কথা থাকলেও এবছর শীত শুরুর বেশ আগে থেকেই রাজধানীর বাতাসে দূষণের পরিমাণ বেড়ে গেছে এবং বায়ুদূষণের তালিকায় প্রায়ই প্রথম হচ্ছে।
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচকে গত দুই মাসে ঢাকা একাধিকবার ৩০০’র বেশি একিউআই স্কোর নিয়ে সর্বোচ্চ দূষিতের তালিকায় নাম লিখিয়েছে। আর কোনো স্থানের একিউআই স্কোর যদি ৩০১ থেকে ৪০০ এর মধ্যে হয় তবে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়। এমনকি শীত বাড়ার সাথে সাথে বায়ুদূষণের মাত্রা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে।
পরিবেশবিদদের মতে, ঘন শীতের বাতাস সব ধরনের দূষককে আটকে রাখে। ধোঁয়া এবং কুয়াশাকে একত্রিত করে একটি ধোঁয়াশা পরিবেশ তৈরি করে। এই ধোঁয়াশা বিপজ্জনক বলে জানিয়েছেন তারা। এতে শুধু দৃশ্যমান্যতাকে বাধা দেয় না, সেই সঙ্গে শ্বাস নেওয়ার ক্ষেত্রেও তৈরি করে প্রতিবন্ধকতা। এই সময় বাতাসের গতি এত কম থাকে যে, তাতে দূষিত বাতাস দীর্ঘ সময় ধরে বায়ুর নিম্ন স্তরে থাকতে পারে।
বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, এ বছরের নভেম্বর থেকে দেখা যাচ্ছে যে প্রতি তিন দিনের মাঝে যেকোনো একদিন দিনের কোনো না কোনো সময়ে ঢাকা পৃথিবীর সবচেয়ে দূষিত নগরীতে রূপান্তরিত হয়েছে এবং তার বায়ুর মান সূচক ৩৩০ এর উপরে থাকছে।
পূর্বের সকল রেকর্ডকে ভেঙ্গে বারবার দূষণের তালিকায় ঢাকার শীর্ষে চলে আসার পেছনে বিভিন্ন কারনও চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।
নির্মাণকাজ:রাজধানীতে সারাবছরই ছোট-বড় অজস্র ভবন নির্মাণ এবং রাস্তা মেরামতের কাজ চলে। এর পাশাপাশি গত কয়েকবছরে যোগ হয়েছে মেট্রো-রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন বড় প্রকল্প। যেকোনো ধরনের নির্মাণ কাজ করার সময় বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের সুনির্দিষ্ট কিছু নির্দেশনা থাকলেও বাস্তবে সেসব নিয়ম পালনের তোয়াক্কা করতে দেখা যায় না। রাস্তা ও ভবন নির্মাণ বা মেরামতের সময় ধুলাবালি যেন বাতাসের সঙ্গে যেন মিশে না যায়, সেজন্য নির্মাণ স্থানে যথাযথ অস্থায়ী ছাউনি বা বেষ্টনী দেয়ার নিয়ম রয়েছে। সেইসাথে, বেষ্টনীর ভেতর ও বাইরে নির্মাণ সামগ্রী (মাটি, বালি, রড, সিমেন্ট ইত্যাদি) যথাযথভাবে ঢেকে রাখা এবং দিনে কমপক্ষে দুইবার স্প্রে করে পানি ছিটানোর কথা বলা আছে এতে।
এছাড়া, নির্মাণাধীন রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রেখে বিকল্প রাস্তার ব্যবস্থা করা, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা এবং নির্মাণ সামগ্রী ঢেকে পরিবহন করার কথাও বলে অধিদপ্তর।
ভবন ও রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে যদি কেউ এইসব নিয়ম পালন না করে, সেক্ষেত্রে ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি জরিমানা আরোপ করতে পারবে সিটি কর্পোরেশন। তবে অধিদপ্তরের এসব নির্দেশনা ঠিক মতো পালন না করার ফলেই অস্বাস্থ্যকর হয়ে পড়ছে বায়ূ।
ইটভাটা ও শিল্প কারখানা:দূষণবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান, ক্যাপস-এর ‘দেশব্যাপী ৬৪ জেলার বায়ু দূষণ সমীক্ষা ২০২১’ অনুযায়ী, ঢাকার আশেপাশের প্রায় ১২০০ টি ইটভাটা, ছোট-বড় কয়েক হাজার শিল্প কারখানা আছে, যেগুলো দূষণের অন্যতম কারণ।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বেশিরভাগ ইটভাটা এখনও সনাতন পদ্ধতিতে চলছে। এইসব ইটভাটায় জ্বালানি হিসেবে কয়লা, কাঠ ব্যবহার করা হয়। ফলে এটা থেকে প্রচুর ছাই তৈরি হয় এবং কার্বন মনোঅক্সাইড, সালফার অক্সাইড ও কার্বন ডাই-অক্সাইডের মতো দূষিত কণা বাতাসের সাথে মেশে।
ইটের ভাটাগুলো সাধারনত শুষ্ক মৌসুমে চলমান থাকে। শীতকালে তাপমাত্রা ও আর্দ্রতা কম থাকার ফলে এই সময়ে অতি ক্ষুদ্র বস্তুকণাগুলো বাতাসে ভেসে বেড়ায়। এছাড়া, সময়ের সাথে সাথে নানা ধরনের শিল্প কারখানাও গড়ে উঠছে বাংলাদেশে। ক্যাপস-এর ঐ গবেষণা অনুযায়ী, দেশের বায়ুদূষণের ৫০ শতাংশেরও বেশি ঘটে শিল্পকারখানা থেকে।
বাংলাদেশের মাটির ধরণের কারণে এখানের বাতাসে বরাবর-ই ধুলাবালি ছিল। কিন্তু কয়েক দশক আগেও এই ভূখণ্ডের বাতাস মানুষের জন্য এতটা ক্ষতিকর ছিল না।
যানবাহন:শহরের যে কোনো রাস্তায় কিছুক্ষণ দাঁড়ালেই দেখা যাবে, চারপাশকে কালো ধোঁয়ায় আচ্ছন্ন করে বিকট শব্দে ছুটে চলছে বিভিন্ন ফিটনেসবিহীন যানবাহন, বিশেষ করে বাস ও ট্রাক।
বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে এখনো অবলীলায় ফিটনেসবিহীন গাড়ি ঘুরে বেড়াতে পারছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং ট্র্যাফিক পুলিশদের দায়িত্বে অবহেলার কারণে।
অর্থনৈতিক আয়ুষ্কাল না থাকার অর্থ হলো যখন কোনও যানবাহন ভারী মেরামত না করার কারণে সড়কে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। একটা বাসের ‘ইকোনমিক লাইফ’ সাধারণত ১০-১৫ বছর পর্যন্ত হয়ে থাকে। উন্নত দেশগুলোতে বাসের ইকোনমিক লাইফ শেষ হওয়ার পর সেগুলোকে সড়ক থেকে সরিয়ে ফেলা হয়। কারণ কোনো যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়ে গেলে সেগুলো ঠিকভাবে জ্বালানি পোড়াতে পারে না এবং তখন সেগুলোর ধোঁয়ার সাথে ক্ষতিকর রাসায়নিক নির্গত হয়।
বর্জ্য পোড়ানো:ক্যাপস-এর গবেষণা অনুযায়ী, ঢাকার যেসব এলাকায় বর্জ্য পোড়ানো হয়, সেইসব এলাকাতেই বায়ু দূষণ বেশি হচ্ছে। ময়লার স্তূপ যেখানে থাকে, সেখানে মিথেন গ্যাস উৎপন্ন হয়। অনেকসময় এই মিথেন গ্যাসের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য পরিচ্ছন্ন কর্মীরা আগুন জ্বালায়।
আবার, অনেক বাসাবাড়িতে বা মহল্লায় বর্জ্য পোড়ানোকে সেরা সমাধান হিসেবে ভাবা হয়। শুষ্ক মৌসুমে ঢাকা শহরের অন্তত ৫০ টি স্থানে বর্জ্য পোড়ানো হয়। এই বর্জ্য পোড়ানো একটি ভুল ধারণা। এটির কারণে যে বায়ু দূষণ হয়, এটি মানুষের মাথায় থাকে না।
ট্রান্স-বাউন্ডারি এয়ার পলিউশন:বর্ষাকালে বাংলাদেশের বায়ু ভালো থাকলেও জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশসহ ভারতের বিভিন্ন জায়গা থেকে ‘ট্রান্স-বাউন্ডারি ইফেক্ট’ হিসেবে বাংলাদেশে দূষিত বায়ু প্রবেশ করে। এটিকে বলে ট্রান্স-বাউন্ডারি এয়ার পলিউশন বা আন্তঃমহাদেশীয় বায়ু দূষণ।
ভারতের বিভিন্ন রাজ্যে ফসল সংগ্রহ করার পর খড়-গাদাগুলোকে পুড়িয়ে দেয়া এবং দীপাবলির কারণ দিল্লির বায়ু দূষণ শীতকালে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবছরও দীপাবলির সময় দিল্লির বায়ু বিষাক্ত হয়ে উঠেছিলো।
যেহেতু শুষ্ক মৌসুমে ভারতের অংশ থেকে বাংলাদেশের দিকে বায়ু প্রবাহিত হয়, সেহেতু দিল্লির বায়ু দূষণ চরম আকার ধারণ করলে কয়েকদিনের মাঝে বাংলাদেশেও বায়ু দূষণের আধিক্য লক্ষ্য করা যায়।

























