অবশেষে অনলাইনে শুরু হচ্ছে জাবি প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম
- আপডেট সময় : ০৬:০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ২২৮ বার পঠিত

জাবি প্রতিনিধি :
আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের (২০২২-২৩ শিক্ষাবর্ষের) ক্লাস শুরু হতে যাচ্ছে।
আজ সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া একজন ডিন নাম না প্রকাশের শর্তে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনেই প্রথম বর্ষের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ সশীরে ক্লাস শুরু হবে এরকম সিদ্ধান্ত হয় নি বলেও জানিয়েছেন তিনি।
পরীক্ষা শুরুর পাঁচ মাস পরও আবাসন নিশ্চিতের কথা বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের ক্লাস শুরু করে নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু পাঁচ মাস পরে অনলাইনে শ্রেণি কার্যক্রম শুরু করার এমন সিদ্ধান্তকে প্রশাসনের অবহেলা হিসেবে আখ্যায়িত করছেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম ক্লাস শুরুর বিষয়ে গণমাধ্যমে বলেন, আবাসন নিশ্চিত না করে ক্লাস সশীরে শুরু করবে না বিশ্ববিদ্যালয়। অনলাইনে ক্লাস শুরু না করার কারণ হিসেবেও তিনি বলেন, নভেম্বরের মধ্যে নবনির্মিত হলগুলোর জন্য জনবল নিয়োগ দিয়ে হল খুলে দেওয়া হবে। এরপরেই আবাসন নিশ্চিত করে তাদের ক্লাস শুরু হবে।
অনলাইনে ক্লাসের এমন সিদ্ধান্ত কেন আগে নেওয়া হয় নি-এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নি।
উল্লেখ্য, এবছর ৯ মে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া ভর্তি কার্যক্রম গত ১৬ আগস্ট শুরু হয়ে ১৮ সেপ্টেম্বর শেষ হয়।






















