সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ
- আপডেট সময় : ১২:১৯:০২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ বার পঠিত

বিনোদন প্রতিবেদক :
চলচ্চিত্র শিল্পের শিল্পী, কলাকুশলী ও সংশ্লিষ্টদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এ যাত্রা শুরু করেছে নতুন সংগঠন ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’।
সম্প্রতি পরিচালক সায়মন তারিককে সভাপতি করে ৫১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির কমিটিতে ২৩ সদস্যের কার্যকরী কমিটি এবং ২৮ জন নির্বাহী সদস্য রয়েছেন। এর গভ. রেজিস্ট্রেশন নম্বর ০৪/২০২৬। সংগঠনটির ঠিকানা হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) উল্লেখ করা হয়েছে।
৫১ সদস্যের কমিটিতে মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিনেতা ওমর ফারুক সবুজ। এছাড়া কমিটিতে রয়েছেন—সৈয়দ আকরাম হোসেন, সোহেল রানা বয়াতী, দিপান্বিতা রায়, সালমান জসিম, ড. মিজানুর রহমান, জেসমিন আক্তার নদী, রোমানা ইসলাম স্বর্ণাসহ চলচ্চিত্র অঙ্গনের আরও অনেকে।
নতুন এই সংগঠনের লক্ষ্য ও কার্যক্রম প্রসঙ্গে সভাপতি সায়মন তারিক বলেন, “চলচ্চিত্র কলাকুশলী ও সংশ্লিষ্টদের কল্যাণে চলচ্চিত্র কল্যাণ সোসাইটি নতুনভাবে কার্যক্রম শুরু করেছে। আমরা প্রচলিত ধারার বাইরে কিছুটা ব্যতিক্রমীভাবে কার্যক্রম পরিচালনা করতে চাই। চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত সবার পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও কলাকুশলীদের কল্যাণে সংগঠনটি আন্তরিকভাবে কাজ করবে। পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন পর্যায়ের মানুষের সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই সংগঠনটি শিল্পী ও কলাকুশলীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
























