বিদ্রোহী নেতাকর্মীদের আসার খবরে বৈঠক ত্যাগ করলেন জাবি ছাত্রলীগ সম্পাদক
- আপডেট সময় : ০৫:২৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ২৩০ বার পঠিত

জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নেতাকর্মীদের দ্বারা সদ্য অবাঞ্চিত হওয়া শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন হলের অনুসারীদের সঙ্গে বৈঠক চলাকালীন বিদ্রোহী নেতাকর্মীদের আসার খবরে বৈঠকের স্থান ত্যাগ করেন।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের নিচু বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। বিদ্রোহী নেতাকর্মীদের দাবি, অবাঞ্চিত হাবিবুর রহমান লিটন তার অপকর্মের বিরুদ্ধে আন্দোলন শুরু হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর খাবার শেষে নিজ হলের অনুসারীদের নিয়ে বের হন জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন। এ সময় তিনি হল গেট থেকে নিচু বটতলার দিকে স্লোগান দিতে দিতে যান। পরে সেখানে একটি চায়ের দোকানের সামনে নিজ হলের অনুসারীদের নিয়ে বৈঠকে বসেন।
এদিকে হাবিবুর রহমান লিটনের বৈঠকের কথা শুনে বটতলার উদ্দেশ্যে বের হয় অন্য ছয়টি হলের বিদ্রোহী নেতাকর্মীরা। এ সময় তারা বাইক শোডাউন নিয়ে উঁচু বটতলা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল হয়ে পদার্থবিজ্ঞান ভবন পর্যন্ত গিয়ে আবার উঁচু বটতলায় ফিরে আসেন। তবে তাদের আসার কয়েক মিনিট পূর্বেই অনুসারীদের সঙ্গে চলা বৈঠকের স্থান ত্যাগ করেন হাবিবুর রহমান লিটন। এ ছাড়া তার অনুসারীরাও এ সময় ছত্রভঙ্গ হয়ে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন সিডনি ফিল্ডের দিকে চলে যায়।
স্থান ত্যাগের বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘আমি পালাব কেন? তারা যেটা করছে, হয়তো তারা কোনো ধরনের অপকর্ম করার চেষ্টা করছে। তারা যে আমার বিরদ্ধে মিথ্যা অপপ্রচার করছে, সে বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অবগত রয়েছেন। বিশ্ববিদ্যালয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড় দেবেন না।’
প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে তাকে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করে ছয় হলের নেতাকর্মীরা। অবাঞ্ছিত ঘোষণার পর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এক প্রকার হলবন্দি অবস্থায় ছিলেন হাবিবুর রহমান লিটন।






















