ট্রাম্পের বাণিজ্যিক হুমকিকে গুরুত্ব দিচ্ছে না স্পেন
- আপডেট সময় : ০৪:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ২৬ বার পঠিত

ন্যাটোতে প্রতিরক্ষা ব্যয়ে পর্যাপ্ত অবদান না রাখার অভিযোগ তুলে স্পেনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই বক্তব্যে বিচলিত নয় স্পেন। দেশটির সরকার জানিয়েছে, তারা বিষয়টিকে স্বাভাবিক কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনার অংশ হিসেবেই দেখছে।
বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প স্পেনের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও স্পেন জোটের প্রতিরক্ষা ব্যয়ে যথাযথ অবদান রাখছে না।
ট্রাম্প বলেন, স্পেন ন্যাটোর একটি দুর্বল অংশীদার এবং তারা প্রয়োজনীয় অর্থ ব্যয় করছে না। এ কারণে তিনি স্পেনের সঙ্গে সম্পর্ক রাখার আগ্রহ নেই বলেও মন্তব্য করেন। একই সঙ্গে স্পেনের সঙ্গে বাণিজ্যিক লেনদেন ও ভ্রমণ বন্ধ রাখার আহ্বান জানান এবং দেশটির বিষয়ে একাধিক কড়া মন্তব্য করেন।
বিশ্লেষকদের মতে, এই উত্তেজনার পেছনে রয়েছে ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় নিয়ে দীর্ঘদিনের মতপার্থক্য। ট্রাম্পের চাপে জোটের অধিকাংশ সদস্য দেশ ২০৩৫ সালের মধ্যে নিজেদের জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্য নির্ধারণে সম্মত হলেও স্পেন এ প্রতিশ্রুতিতে সায় দেয়নি। এছাড়া ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়াও ওয়াশিংটনের অসন্তোষ বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পেনের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় রয়েছে এবং সেই সম্পর্ক বজায় রাখার ব্যাপারে মাদ্রিদ প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্পের বক্তব্যকে তারা ‘ব্যবসায়িক রুটিনের অংশ’ হিসেবে উল্লেখ করে জানায়, এ নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
একই সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরান প্রসঙ্গেও কথা বলেন। তিনি দাবি করেন, ইরানকে ঘিরে যে যুদ্ধবিরতির সমঝোতা ছিল, সেটি এখন কার্যত সমাপ্ত।
সূত্র: আল জাজিরা

























