হাতে সাদা পতাকা দেখেও ‘ভুলবশত’ তিন জিম্মিকে হত্যা করলো ইসরায়েলি সেনারা!
- আপডেট সময় : ০২:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ২০৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :
ইসরায়েলের ‘ভুল করে’ হত্যা করা তিন ইসরায়েলি জিম্মিকে যখন গুলি করা হয়, তখন তাদের হাতে শান্তির প্রতীক সাদা পতাকা ছিল। প্রাথমিক তদন্তে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা।
তিনি বলেন, যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানে ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছিল। ওই এলাকায় হামাস সদস্যরা বেসামরিক নাগরিকের ছদ্মবেশ ধারণ এবং নানা ধরনের ‘প্রতারণামূলক কৌশল’ অবলম্বন করে থাকে বলে দাবি করেছে ইসরায়েল।
ঘটনার বর্ণনা দিয়ে ওই কর্মকর্তা বলেন, এক ইসরায়েলি সেনা জিম্মিদের কয়েক মিটার দূরে উঠে আসতে দেখেন। তারা সবাই খালি গায়ে এবং সাদা কাপড় বাঁধা একটি কাঠি হাতে ছিল।
তাদের দেখে ওই সেনা হুমকি বোধ করেন এবং গুলি চালান। তিনি তাদের (জিম্মি) সন্ত্রাসী ঘোষণা করেন এবং তখন বাকিরাও (বাহিনী) গুলি চালায়। সঙ্গে সঙ্গে দুজন নিহত হন।
তৃতীয় একজন জিম্মি আহত হয়ে কাছাকাছি একটি বিল্ডিংয়ে ফিরে গিয়ে হিব্রু ভাষায় সাহায্যের জন্য ডাকে। ব্যাটালিয়ন কমান্ডার সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতির নির্দেশ দেন। কিন্তু তৃতীয় ব্যক্তিকে লক্ষ্য করে আরেকটি গুলি করা হয়, সেও মারা যায়।
এটা আমাদের নিয়মের পরিপন্থী বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তা।
এর আগে, শুক্রবার (১৬ ডিসেম্বর) গাজায় অভিযানে তিন ইসরায়েলি জিম্মিকে হত্যা করে ইসরাইল। এই ঘটনার কথা স্বীকার করে নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা বলেছে, এই ঘটনা ‘সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে’ তদন্ত করা হবে।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, শুজাইয়া এলাকায় যুদ্ধের সময় সেনারা ভুল করে তিন ইসরায়েলি জিম্মিকে হুমকি হিসেবে চিহ্নিত করেছিল। ফলস্বরূপ, সেনারা তাদের দিকে গুলি চালায় এবং তারা নিহত হন।
ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ধারণা করা হচ্ছে যে ওই তিনজন হয় তাদের অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এসেছিল অথবা তাদের ফেলে যাওয়া হয়েছিল।





















