সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেট হাসপাতালের অনিয়ম, দালালচক্র ও রোগী হয়রানি বন্ধে মতবিনিময় সভাb
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৮:৫১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৩৬ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার প্রাইভেট হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ, সদর হাসপাতালের দালালচক্র নির্মূল এবং রোগী হয়রানি বন্ধে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত “ব্রাহ্মণবাড়িয়ার প্রাইভেট হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ, সদর হাসপাতালের দালাল নির্মূল এবং রোগী হয়রানি বন্ধে করণীয়” শীর্ষক এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী। প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. নোমান মিয়া বলেন, জেলার বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। ভবিষ্যতেও কোনো হাসপাতাল, দালালচক্র বা চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি অনিয়ম, দুর্নীতি কিংবা রোগী হয়রানির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান। সভাপতির বক্তব্যে শেখ আরিফ বিল্লাহ আজিজী বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে দালালচক্র সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগীকে প্রবেশের পরই কিছু ব্যক্তি ঘিরে ধরে কোথায় পরীক্ষা করাতে হবে, কোন হাসপাতালে ভর্তি হতে হবে কিংবা কোথা থেকে ওষুধ কিনতে হবে-এসব বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে। এতে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক হয়রানির শিকার হন।
তিনি আরও বলেন, জেলার কিছু প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল আদায়, চিকিৎসাসেবায় অস্বচ্ছতা, রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং জবাবদিহিতার অভাব নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে। এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা অক্ষুণ্ন রাখা রাষ্ট্র, প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ সাবের হোসাইন। আলোচনায় অংশ নেন সৈয়দ মোহাম্মদ শাহিনুর রহমান, তারিফুল হাসান, সাঈদ আব্দুল্লাহ হিমু, ইয়াছিন আরাফাত সিরাজী, দেলোয়ার হোসাইন, আমিনুল ইসলাম, তাসলিমা ইসলাম, ঔরণী ইসলামসহ ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্যবৃন্দ।বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় অনিয়ম ও দুর্নীতি রোধ, হাসপাতাল এলাকায় দালালচক্র নির্মূল, রোগীদের হয়রানি বন্ধ এবং মানসম্মত ও রোগীবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, হাসপাতাল কর্তৃপক্ষ ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই। তারা জনস্বার্থে নিয়মিত তদারকি, অভিযোগের দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. নোমান মিয়া জানান, অনিয়ম, দুর্নীতি ও দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।























