জ্বালানির অভাবে গাজার তিন হাসপাতাল বন্ধ, শিশুসহ ১২ রোগীর মৃত্যু
- আপডেট সময় : ০১:৫৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ ২৬৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
জ্বালানির অভাবে গাজার তিনটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলি হামলা ও অবরোধের মুখে আল শিফা ও আল কুদস হাসপাতাল আর রোগীদের সেবা দিতে পারছে না। এদিকে আল শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় তিন নার্স নিহত হয়েছেন। সেবা স্থগিত হওয়ায় তিন শিশুসহ অন্তত ১২ জন রোগীর মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিশ্চিত করেছে যে গাজা শহরের আল শিফা হাসপাতালে পরিষেবা আর কাজ করছে না। ইসরায়েলি হামলায় হাসপাতালের অন্তত তিনজন নার্স নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
জাতিসংঘের মতে, ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সংকটের কারণে দুই নাবালক শিশুসহ ১২ জন রোগী মারা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তৃতীয় সন্তানের মৃত্যুর খবর দিয়েছে।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে যে আল শিফা এবং আল কুদস হাসপাতাল পাশাপাশি কামাল আদওয়ান হাসপাতালও জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে।
কামাল আদওয়ান হাসপাতালের প্রধান আহমেদ আল-কাহলুত বলেন, শতাধিক রোগীর পাশাপাশি পাঁচ হাজারেরও বেশি বাস্তুচ্যুত মানুষ রয়েছে। কিন্তু ইসরায়েলি বোমা হামলার ভয়ে কেউ বাইরে যেতে পারছে না।
জাতিসংঘ বলেছে, ইসরায়েলি স্নাইপাররা যখনই হাসপাতাল থেকে বের হচ্ছে তখনই গুলি চালাচ্ছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।





















