জানুয়ারিতে কেন মাঠে ফিরছেন না হালান্ড?
- আপডেট সময় : ০৬:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ৩৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
পায়ের ইনজুরির কারণে চলতি জানুয়ারির শেষ পর্যন্ত মাঠের বাইরে থাকবেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আরলিং হালান্ড। যে কারণে আজ শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে দেখা যাবে না নরওয়েজিয়ান তারকা ফুটবলারকে।
এই নিয়ে টানা ৯ ম্যাচে মাঠের বাইরে হালান্ড। গত বছরের ডিসেম্বরে প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলতে গিয়ে পায়ে চোট পান তিনি। এরপর থেকে আর মাঠে ফিরতে পারেনি হালান্ড।
সিটি ম্যানেজার গার্দিওলা আশা করছেন যে হালান্ড আগামী সপ্তাহে আবুধাবিতে দলের সাথে অনুশীলন করবে। গার্দিওলা বলেছেন, ‘এটা হাড়। এর জন্য (ঠিক হতে) সময়ের প্রয়োজন। এটা (হাড়) ঠিক আছে, কিন্তু ডাক্তাররা এক সপ্তাহের জন্য খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং সম্ভবত আবুধাবিতে খেলা শুরু করতে পারবে। আশা করি, সে এই মাসের শেষে প্রস্তুত হবে। যদিও শুরুর দিকে আমরা আরও আগে মাঠে ফেরার প্রত্যাশা করেছিলাম।’
ইনজুরির কারণে ম্যান সিটির আরও দুটি ম্যাচ মিস করবেন হালান্ড। এফএ কাপের চতুর্থ রাউন্ডে ম্যানচেস্টার সিটি ২৬ জানুয়ারি টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলবে। গার্দিওলার দল এরপর ৩১ জানুয়ারি লিগের অ্যাওয়ে ম্যাচে বার্নলির মুখোমুখি হবে। হল্যান্ড এই দুটি ম্যাচে খেলতে পারবে না।
লিভারপুলের মোহাম্মদ সালাহর সাথে এই মৌসুমে প্রিমিয়ার লিগে ১৪ গোলের রেকর্ড ভাগাভাগি করেছেন হালান্ড। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সালাহর লিভারপুল। টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ম্যান সিটি।























