রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন
- আপডেট সময় : ০৫:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৫৮ বার পঠিত

হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উপলক্ষে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের নিয়ে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ৫নং বড়ইয়া ইউনিয়নের উত্তর উত্তমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রাজাপুর প্রেসক্লাবের উদ্যোগে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উত্তর উত্তমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ৬৪নং চুনপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে
এ দিবস উপলক্ষে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান খান এবং উত্তর উত্তমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাঈনুল হোসেন তালুকদার।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৩ নভেম্বর বরিশাল অঞ্চলের মধ্যে প্রথম থানা হিসেবে রাজাপুর পাকিস্তানি হানাদারমুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
এ সময় রাজাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের ২৩ নভেম্বর দীর্ঘ সম্মুখযুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ঝালকাঠির রাজাপুর। দিবসটি রাজাপুরের ইতিহাসে গৌরব ও আত্মত্যাগের এক স্মরণীয় দিন।




















