ইসরায়েলের হামলায় পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত
- আপডেট সময় : ০১:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ১৯৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় রাতারাতি আরও অন্তত ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাসের মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, দখলদার ইসরায়েলের অভিযানে ১৪০ জনেরও বেশি মানুষ শহীদ এবং শতাধিক আহত হয়েছে। খবর আল জাজিরার।
ইসরায়েলের এই হামলাকে গণহত্যা বলা হয়। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। এরপর গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরাইল কয়েকদিন ধরে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, তাদের বাহিনী গত কয়েক দিনে গাজা উপত্যকায় চার শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকটি মসজিদও রয়েছে। মঙ্গলবার সকালে এক্স-এ পোস্ট করা এক বার্তায় তিনি দাবি করেন, যে মসজিদগুলোতে হামলা হয়েছে সেগুলো হামাস সভা-সমাবেশের জন্য ব্যবহার করছে।
তিনি আরো বলেন, ইসরাইল হামাসের অপারেশনাল হেডকোয়ার্টারে হামলা করেছে। হামাসের তিন ডেপুটি কমান্ডার নিহত হয়েছেন।
এর আগে, একটি মেডিকেল সূত্র আল জাজিরাকে বলেছিল যে সোমবার রাতে গাজায় ইসরায়েলি বিমান হামলায় মহিলা ও শিশুসহ কমপক্ষে ১১০ জন নিহত হয়েছে।
এদিকে হামাসের সঙ্গে সংঘর্ষের পর পশ্চিমা বিশ্বের পঞ্চম সরকারপ্রধান হিসেবে ইসরায়েলের মাটিতে পা রাখলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরাইল সফর করেন।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেস জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে তার “পূর্ণ সংহতি” দেখানোর জন্য ম্যাক্রোঁ এই সফর করেছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) তিনি তেল আবিব পৌঁছান।





















