যানজট কমাতে ভারতে চালু হচ্ছে ই-এয়ার ট্যাক্সি!
- আপডেট সময় : ০১:৪৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ৩১৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা ভারতে যানজট কমাতে চলেছে। আগামী তিন বছরের মধ্যে, তারা ভারতের মাটিতে ই-এয়ার ট্যাক্সি চালু করার পরিকল্পনা করছে, যা নিমেষেই আকাশপথে যাত্রীদের পৌঁছে দেবে গন্তব্যে।
সবকিছু ঠিকঠাক থাকলে, ২০২৬ সালের মধ্যে ভারতে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করা হবে। এই বৈদ্যুতিক গাড়িতে চড়লে ৯০-মিনিটের যাত্রা মাত্র ৭ মিনিটে কভার করা যাবে। এই এয়ার ট্যাক্সি যাত্রীদের খুব সহজেই তাদের গন্তব্যে পৌঁছে দেবে। মূলত ট্র্যাফিক জ্যাম এড়াতে এবং কম সময়ে যাতায়াত করতে ইন্টারগ্লোব এই গাড়ির ব্যবস্থা করতে চলেছে।
এই ইন্টারগ্লোব এন্টারপ্রাইজটি ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর সাথে যুক্ত। সংস্থাটি বিশ্বাস করে যে এই এয়ার ট্যাক্সি ভারতের মতো জনবহুল দেশে গণপরিবহনের সবচেয়ে সুবিধাজনক রূপ হয়ে উঠতে পারে। এটি একই সঙ্গে যানজট ও পরিবেশ দূষণ মোকাবেলা করতে সক্ষম। কারণ এই এয়ার ট্যাক্সিটি সম্পূর্ণ ইলেকট্রিক। এক চার্জে ১৬১ কিলোমিটার উড়তে সক্ষম।
কোম্পানির দাবি, এই এয়ার ট্যাক্সি দিল্লির মতো জনবহুল শহরে দেড় ঘণ্টার যাত্রা পাঁচ থেকে সাত মিনিটে পৌঁছে দিতে পারে। সরকার অনুমতি দিলে ২০২৬ সালের মধ্যে প্রথম পর্যায়ে দিল্লিতে ২০০টি এয়ার ট্যাক্সি দিয়ে পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। পরে এটি ধীরে ধীরে মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতার মতো বড় শহরে চালু করা হবে। এ এই এয়ার ট্যাক্সিগুলো যে কোনো সময় ওঠানামা করতে পারে। ফলে কোথাও অবতরণ করতে সমস্যা হবে না।
এখন প্রশ্ন হল, এয়ার ট্যাক্সি পরিষেবার জন্য যাত্রীদের কত খরচ করতে হবে? সংস্থাটি এখনও তা স্পষ্ট করেনি। তবে সাধারণ বিমানের চেয়ে কম খরচ হবে বলে দাবি তাদের। তাছাড়া একটি ট্যাক্সিতে চারজন যাত্রী বসতে পারবেন। তাই ভাড়া ভাগাভাগির বিষয়টিও থাকবে।





















