বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় :
০৪:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
২৪
বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ২৯ এপ্রিল ২০২৬ ।।
চট্টগ্রামে শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বিকেল ৪টা ১৮ মিনিটে ম্যাচ বাতিলের ঘোষণা দেন আম্পায়াররা। সেই সকাল ১১টার দিকে শুরু হয়েছে বৃষ্টি। কখনো বেশি বা কখনো কম, কিন্তু থামার কোনো লক্ষণ নেই। ফলে বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ কাট অফ টাইমের প্রায় এক ঘণ্টা আগেই পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়াররা। কার্টেল ওভারের অর্থাৎ কমপক্ষে ৫ ওভারের ম্যাচ মাঠে গড়াতে হলে খেলা শুরু করতে হতো ৫টা ১৬ মিনিটের মধ্যে। দুপুর ৩টা ১০ মিনিটের মধ্যে শুরু করা গেলে পুরো ম্যাচই করা যেতো। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা খুবই উন্নতমানের। এই মাঠের কিউরেটর জাহিদ রেজা বাবু জানিয়েছিলেন, বৃষ্টি থামলে ৪০ মিনিটেই মাঠ খেলার উপযোগী করা যাবে। কিন্তু বৃষ্টিই থামেনি। এর আগে গত সোমবার সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। আজ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী ম্যাচ। আগামী ২ মে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের শেষ ম্যাচ।