বিশ্বের সেরা দলের মুখোমুখি বাংলাদেশ, মানসিক চ্যালেঞ্জও দেখছেন কোচ
- আপডেট সময় : ০৩:১৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩১ বার পঠিত

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তাদের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী দল। মূল ম্যাচের আগে তাসমান পাড়ে নিজেদের প্রস্তুতি সেরেছে নিগার সুলতানা জ্যোতিরা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামীকাল। তার আগে আজ বৃহস্পতিবার নিজেদের প্রস্তুতি নিয়ে কথা বললেন নারী ক্রিকেট দলের প্রধান কোচ ডেভিড হেম্প। বিসিবির প্রকাশিত এক ভিডিওতে হেম্প বলছিলেন, ‘আমরা দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ায় প্রথমবার খেলছি, তাই প্রস্তুতি সত্যিই বেশ ভালো হয়েছে। আমরা ভাগ্যবান যে একটি অনুশীলন ম্যাচ পেয়েছিলাম, কিন্তু আমরা যেসব উইকেটে অনুশীলন করেছি সেগুলো চমৎকার ছিল।’ হেম্প অবশ্য জানালেন সেরা দলের বিপক্ষে খেলা মানসিকভাবেও বড় চ্যালেঞ্জ,’আমরা এই সত্যটা লুকিয়ে রাখতে পারি না যে আমরা বিশ্বের সেরা নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলছি, যারা ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় সংস্করণেই এক নম্বর। তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানসিকভাবে সেটিকে জয় করা।’
হেম্প আগেই জানালেন যেন পরে আক্ষেপ না থাকে, সেটিই তার মূল লক্ষ্য, ‘আমরা চাই না যে এক সপ্তাহ পর বাংলাদেশে ফিরে গিয়ে আমাদের আফসোস করতে হয় যে, ইস! আমরা যদি এভাবে খেলতাম বা ওভাবে খেলতাম।’



















