জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা: পরিবারের ২২ সদস্যকে হারালেন সাংবাদিক
- আপডেট সময় : ০৩:৪৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ২০৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :
গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার এক সাংবাদিক তার পরিবারের ২২ সদস্যকে হারিয়েছেন। পরিবারটি যেখানে আশ্রয় নিয়েছিল সেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়।
গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে বুধবার ভোরে এ হামলা চালানো হয় বলে জানা গেছে। আল জাজিরার আরবি সংবাদদাতা মোয়াম্মেন আল শরাফির পরিবারের ২২ সদস্য নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে আল শরাফির বাবা-মা, তার ভাইবোন এবং তাদের স্বামী-স্ত্রী, পাশাপাশি ভাগ্নে ও ভাগ্নিও ছিলেন।
আল-শরাফি আল-জাজিরাকে বলেন, ভয়াবহ বোমা হামলার কারণে সেখানে একটি গভীর গর্ত তৈরি হয়েছে। সিভিল ডিফেন্সের সদস্যরা কেউ মরদেহের কাছে পৌঁছাতে পারেনি। এমনকি আমরা আমাদের প্রিয়জনদের শেষ বিদায়ও দিতে পারিনি। তাদের যথাযথভাবে কবর দেওয়া থেকেও আমরা বঞ্চিত হয়েছি।
এর আগে, আল জাজিরার আরেক আরবি সাংবাদিক ওয়ায়েল দাহদুহ ২৫ অক্টোবর ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজায় তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হারিয়েছিলেন।
এছাড়াও, আল জাজিরা ব্যুরোর সম্প্রচার প্রকৌশলী মোহাম্মদ আবু আল-কুমসানও ৩১ অক্টোবর জাবালিয়া শরণার্থী শিবিরে একটি বিমান হামলায় তার বাবা এবং দুই বোন সহ পরিবারের ১৯ জন সদস্যকে হারিয়েছিলেন।





















