১৩ বছর পর চীনে ফের শক্তিশালী ভূমিকম্প:নিহত বেড়ে ১৩১
- আপডেট সময় : ০২:১৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ১৮৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :
চীনে শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ১৩১ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। বলা হচ্ছে গত ১৩ বছরের মধ্যে এটাই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ২০১০ সালের পর দেশটিতে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাতে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২।
স্থানীয় সময় সোমবার (১৮ ডিসেম্বর) রাতে ভূমিকম্পটি আঘাত হানে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার মধ্যরাতে দেশটির গানসু প্রদেশে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় এক হাজার মানুষ আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার রাতে যে এলাকায় ভূমিকম্প হয়েছিল সেখানে মঙ্গলবার তাপমাত্রা ছিল মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াস (৮.৭ ফারেনহাইট)। চীনের উত্তরাঞ্চল জুড়ে এখন হাড়-ঠাণ্ডা শীত চলছে। এই তীব্র শীতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ভূমিকম্পের সময় পার্শ্ববর্তী কিংহাই এলাকায়ও কম্পন অনুভূত হয়।
এর আগে ২০১০ সালে দেশটির কিংহাই প্রদেশের ইউশুতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পে দুই হাজার ৭০০ মানুষ নিহত হয়।
৫ সেপ্টেম্বর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৬৬ জন নিহত হয়।
চীনে ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ। ছোট-বড় ভূমিকম্প প্রায়ই বিভিন্ন অঞ্চলে আঘাত হানে।
এদিকে স্থানীয় সময় মঙ্গলবার সকালে প্রতিবেশী জিনজিয়াংয়ে আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গানসু প্রদেশে শক্তিশালী ভূমিকম্পের পর পূর্ণাঙ্গ উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন। গানসু চীনের একটি দরিদ্র অঞ্চল। সেই প্রদেশের জিক্সিশান কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। সেখানে পাঁচ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া কিনহাই প্রদেশে এখনও ১৬ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।


















