ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার
- আপডেট সময় : ০৬:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
দিনের সকালটা শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই। কিন্তু একটি ভয়াবহ বৈদ্যুতিক শর্টসার্কিট মুহূর্তেই বদলে দিল ১৪ পরিবারের জীবন। চোখের সামনে লেলিহান আগুনে পুড়ে ছাই হয়ে গেল ১০ টি বসতঘর ও বসত ঘরের মূল্যবান আসবাবপত্র। আগুন নিভে যাওয়ার পর, পড়ে রইল শুধু পোড়া ঘরের ধ্বংসস্তূপ, সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে ১৪ টি পরিবার।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামের উত্তরপাড়া এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়দের ভাষ্য, আলফাজ মিয়ার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ভয়াবহতা এতটাই দ্রুত বাড়ে যে, শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ১০ টি ঘরে থাকা ১৪ পরিবারের ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ ফারুক আহমেদ জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।













