হাসিনা সরকারের রেখে যাওয়া অস্বাভাবিক ঋণের বোঝা টানতে হচ্ছে: রিজওয়ানা
- আপডেট সময় : ০২:৫৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ২২৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সরকারের রেখে যাওয়া অসম চুক্তি ও অস্বাভাবিক ঋণের বোঝা অন্তর্বর্তী সরকারকে টানতে হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিয়াম সেন্টারে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি) আয়োজিত দ্বিতীয় বাংলাদেশ এনার্জি প্রোসপারিটি ২০৫০ সম্মেলনে একথা বলেন তিনি । উপদেষ্টা বলেন, জ্বালানি খাতকে সমৃদ্ধ করতে নানা উদ্যোগ নেওয়া হলেও স্বচ্ছতাসহ বিভিন্ন চ্যালেঞ্জের কারণে মুখ থুবড়ে পড়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সরকারের রেখে যাওয়া অসম চুক্তি ও অস্বাভাবিক ঋণের বোঝা অন্তর্বর্তী সরকারকে টানতে হচ্ছে। তবে টেকসই নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, শুধু একটা উদহারণ দিতে চাই, আমরা যদি নাইকো চুক্তির কথা বলি এই চুক্তি থেকে বের হয়ে আসতে বাংলাদেশকে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে হয়েছে। কোনো চুক্তি থেকে বের হয়ে আসার প্রক্রিয়াও অনেক বেশি ব্যয়বহুল। যেসব চুক্তি হয়েছে সেগুলো বেশ অসম। চুক্তিগুলো প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে। যে প্রকল্পগুলো বাস্তবায়ন হয়ে গেছে অনেকগুলো বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে। তারপর আমাদের ওপর চাপ আছে ট্রানজিট দেওয়ার। এর আগে সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বক্তব্য দেন।রাজধানীতে শুরু হওয়া এই সম্মেলন আগামী ৩ দিন চলবে। সম্মেলনে সব মিলিয়ে মোট ১২টি সেশন হবে। এতে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন, পরিবেশবাদী সংগঠন, জ্বালানি বিশেষজ্ঞ, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।




















