৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন
- আপডেট সময় : ০৫:০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৩০ বার পঠিত

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দিঘির পাড়ে। তিন শতাধিক বছরের পুরোনো এই দিঘির কোল ঘেঁষে নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে বসেছিল এবারের আয়োজন। হানিফ সংকেতের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী ২৭ নভেম্বর, শুক্রবার।
বহু বছর ধরেই দেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানে ‘ইত্যাদি’র মঞ্চ তৈরি করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার বেছে নেওয়া হয়েছে জয়পুরহাটের নান্দাইল দিঘিকে। দিঘির স্বচ্ছ জলরাশি, প্রাচীন স্থাপনার আবহ এবং নান্দনিক আলোকসজ্জায় সাজানো হয়েছিল অনুষ্ঠানের মঞ্চ। আয়োজন ঘিরে জয়পুরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন হাজারো দর্শক।
এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের গান। এর মধ্যে জয়পুরহাটের কৃতী সন্তান সংগীতশিল্পী খুরশীদ আলমের কণ্ঠে থাকছে তার জনপ্রিয় তিনটি গানের সমন্বয়ে তৈরি বিশেষ পরিবেশনা। চলমান ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করেছেন নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারি।
জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি তুলে ধরতেও থাকছে বিশেষ নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। নৃত্য পরিচালনা করেছেন এস কে জাহিদ। এতে অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।
দর্শকপর্বেও থাকছে ভিন্ন আয়োজন। জয়পুরহাটকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে দর্শকদের মধ্য থেকে চারজনকে নির্বাচন করা হয়েছে। পরে তারা জেলার ব্র্যান্ডিং পণ্য ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে তৈরি নাট্যাংশে স্থানীয় ভাষায় অভিনয় করেছেন।
এবারের ‘ইত্যাদি’তে থাকছে জয়পুরহাটের কৃষি, পোল্ট্রি শিল্প, ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে তথ্যবহুল প্রতিবেদন। পাশাপাশি রয়েছে বাকপ্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রাম ও অনুপ্রেরণার গল্প। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে নিজেদের নীরবতাকেই শক্তিতে পরিণত করেছেন তারা।
এ ছাড়া থাকছে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের শিল্পী প্রসেনজিৎ বর্মনের বিশেষ প্রতিবেদন। ছাই দিয়ে মাটির ক্যানভাসে অবিশ্বাস্য সব প্রতিকৃতি তৈরি করেন তিনি। অন্যদিকে যশোরের কেশবপুরের লেয়াকত আলীর মানবিক কর্মকাণ্ডও তুলে ধরা হবে অনুষ্ঠানে। পেশায় ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী হয়েও দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় মানুষের চিকিৎসায় সহায়তা করে যাচ্ছেন তিনি।
সামাজিক অসংগতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে থাকছে বেশ কিছু ব্যঙ্গাত্মক নাট্যাংশ। এর মধ্যে রয়েছে অনলাইন প্রতারণা, সেলফি সংস্কৃতি, কনটেন্ট ক্রিয়েটরদের কর্মকাণ্ড, ডিজিটাল ট্রল, ইয়েস স্যার সংস্কৃতি, চটকদার শিরোনামে চটকহীন খবর এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা প্রবণতা।
অনুষ্ঠানে আরও থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির প্রাণবন্ত আলাপ, চিঠিপত্র পর্ব এবং নিয়মিত অন্যান্য আয়োজন। এতে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন অঙ্গনের একঝাঁক শিল্পী।
বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
আগামী ২৭ নভেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ‘ইত্যাদি’র জয়পুরহাট পর্ব।





















