অভিনেত্রীদের ব্যাগ-জুতা নিয়ে এত আগ্রহ কেন? শবনম ফারিয়া
- আপডেট সময় : ০২:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২২ বার পঠিত

অভিনেত্রীদের অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন, পোশাক, দামি ব্যাগ কিংবা বিতর্ক নিয়ে দর্শকের আগ্রহ বেশি এমন আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তার মতে, দেশের অনেক মেধাবী অভিনেত্রী রয়েছেন, যারা অভিনয় ছাড়া অপ্রয়োজনীয় কোনো বিনোদন দেন না।
অথচ তাদের কাজ ও অভিনয় নিয়ে আলোচনা তুলনামূলক কম হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা লিখেছেন তিনি।
পোস্টে শবনম ফারিয়া কয়েকজন অভিনেত্রীর নাম উল্লেখ করে তাদের অভিনয়, ব্যক্তিত্ব ও রুচিবোধের প্রশংসা করেন। শুরুতেই আসে জয়া আহসানের নাম। তার সৌন্দর্য, অভিনয় ও ব্যবহারের প্রশংসা করে ফারিয়া লেখেন, অভিনয়ের বাইরে জয়ার পোষ্য প্রাণী, গাছপালা ও বাগানবাড়ি রয়েছে। পাশাপাশি যারা ব্যাগ, জুতা ও ঘড়ির সংগ্রহ দেখতে পছন্দ করেন, তাদের জন্য জয়ার ব্যাগ ও ঘড়ির সংগ্রহও আকর্ষণীয় বলে উল্লেখ করেন তিনি।
এরপর অভিনেত্রী সানজিদা প্রীতির কথা বলেন শবনম ফারিয়া। ‘৬৯’ ও ‘স্পর্শের বাইরে’ সিরিজের অভিনয়ের প্রসঙ্গ টেনে তার অভিনয়দক্ষতার প্রশংসা করেন। নিজের ক্যারিয়ারের শুরুর দিকে ‘কলিংবেল’ নামের একটি সিরিজে প্রীতির সঙ্গে কাজের অভিজ্ঞতাও তুলে ধরেন। তাকে স্বল্পভাষী ও পেশাদার অভিনেত্রী হিসেবে বর্ণনা করেন ফারিয়া।
নিজের প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে মৌসুমী হামিদের অভিনয় তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে বলেও জানান শবনম ফারিয়া। মৌসুমীর অভিনয় দেখে তার মনে হয়, তিনিও যদি এমন অভিনয় করতে পারতেন! অভিনেত্রীকে অসম্ভব পরিশ্রমী, প্রাণবন্ত ও সহজাত অভিনয়দক্ষতার অধিকারী বলেও উল্লেখ করেন তিনি।
নাজিয়া হক অর্ষার অভিনয় নিয়েও মুগ্ধতা প্রকাশ করেন ফারিয়া। তার ভাষায়, অভিনয় শুধু সংলাপের ওপর নির্ভর করে না, চোখের অভিব্যক্তিও অনেক কিছু বলে। এ ক্ষেত্রে অর্শার বিশেষ দক্ষতা রয়েছে বলে মনে করেন তিনি।
একটি নাটকে শিডিউল জটিলতার কারণে নিজে কাজ করতে না পারার অভিজ্ঞতা তুলে ধরে ফারিয়া জানান, পরে নাটকটি দেখে তার মনে হয়েছিল, অর্ষা চরিত্রটিতে যে অভিনয় করেছেন, তা করা তার পক্ষে কঠিন হতো।
এ ছাড়া অভিনেত্রী বিন্দু, ইশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন জাহান, জাকিয়া বারী মম ও নাজিফা তুষির অভিনয়েরও প্রশংসা করেন তিনি। বিন্দুর ফিটনেস, ফ্যাশন সেন্স ও কথাবার্তার রুচিবোধের কথা উল্লেখ করেন। অন্যদিকে ছোটবেলা থেকেই ইশিতার অভিনয়ের ভক্ত বলে জানান এই অভিনেত্রী।
পোস্টের শেষাংশে দেশের বিনোদন অঙ্গনে আলোচনার ধরন নিয়ে প্রশ্ন তোলেন শবনম ফারিয়া। তার মতে, অভিনয় ও কাজের পরিবর্তে অনেক সময় অভিনেত্রীদের পোশাকের দাম, বিদেশ ভ্রমণ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি আলোচনা হয়। এতে প্রকৃত অভিনয়শিল্পীদের কাজ আড়ালে থেকে যায়।




















