হলরুমে বৈদ্যুতিক যন্ত্রপাতি নিষিদ্ধ করলো জবি
- আপডেট সময় : ০৫:৫৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ৩৪০ বার পঠিত

শিক্ষা ডেস্ক :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের কক্ষে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
রোববার (২৮ জানুয়ারি) হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
বিজ্ঞপ্তি অনুসারে, হাউস টিউটর এবং সহকারী হাউস টিউটররা পরিদর্শনকালে বিভিন্ন কক্ষে বৈদ্যুতিক সরঞ্জাম খুঁজে পান। বর্তমানে এসব যন্ত্রপাতি থেকে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটায় হলের রুমে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে হলের প্রভোস্ট প্রফেসর ড. দীপিকা রানী সরকার বলেন, অবৈধভাবে এসব বৈদ্যুতিক পণ্য ব্যবহারের কারণে প্রায় প্রতিদিনই বিভিন্ন ফ্লোরে বিদ্যুৎ সমস্যা দেখা দেয়। গতকালও তিন-চারটি শর্ট সার্কিট হয়েছিল, এতে মেয়েরা চিৎকার করে। পরে হলের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা সাহায্য করতে এগিয়ে আসেন। তাই দুর্ঘটনা এড়াতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এসব পণ্য ব্যবহার না করার নোটিশ দেওয়া হয়েছে।






















