লাইবেরিয়ায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণ:নিহত ৪০, আরও বাড়ার আশঙ্কা!
- আপডেট সময় : ০২:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ৩৯০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :
পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় একটি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-মধ্যাঞ্চলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতেহ বুধবার বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে লোয়ার বং কাউন্টিতে একটি গ্যাস ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। তারপর বিস্ফোরিত হয়। ফলে ঘটনাস্থলে বহু মানুষ আহত হয়।
ফ্রান্সিস কাতেহ বলেন, গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
জাতিসংঘের একটি পরিসংখ্যান অনুসারে, দুর্বল সড়ক নিরাপত্তা ব্যবস্থা এবং অবকাঠামোগত ত্রুটির কারণে সাব-সাহারান আফ্রিকা দুর্ঘটনার জন্য বিশ্বের সবচেয়ে মারাত্মক অঞ্চল হয়ে উঠেছে। ইউরোপের দেশগুলোর তুলনায় সেখানে মৃত্যুর হার গড়ে তিনগুণ বেশি।
এর আগে গত সেপ্টেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়। স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাইজেরিয়ার সীমান্তবর্তী সেমে-পডজিতে একটি জ্বালানি গুদামে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা। ওই গুদামে অবৈধভাবে জ্বালানি সরবরাহ করা হতো। গাড়ি, মোটরবাইক এবং ট্রাইসাইকেল ট্যাক্সি সেখান থেকে জ্বালানি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।


















