রাশিয়ায় কনসার্ট হলে হামলা বিস্ফোরণ: নিহত বেড়ে ৬০, আরও বাড়ার আশঙ্কা!
- আপডেট সময় : ০১:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ২২০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে মুখোশধারী বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০-এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৬৫ জন। রয়টার্স রাশিয়ার তদন্ত কমিটি সম্পর্কে এই খবর জানিয়েছে।
শুক্রবার (২২ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে এ হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে প্রবেশ করে এবং স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে নির্বিচারে ভিড়ের মধ্যে এলাপাতাড়ি গুলি চালায়।
রুশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছিল। এত ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। হলের ছাদ ধসে পড়েছে।
এর আগে রাশিয়ার সেন্ট্রাল সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, এই হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে। ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তাদের গোয়েন্দারা আইএসের দাবির সত্যতা নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, রাশিয়ায় মার্কিন দূতাবাস ৭ মার্চ একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, মস্কোতে বড় সমাবেশে হামলার পরিকল্পনা করছে উগ্রপন্থীরা। সতর্কবার্তায় বড় জমায়েতের মধ্যে কনসার্টের কথাও উল্লেখ করা হয়েছে। সতর্কবার্তায় মস্কোয় অবস্থানরত মার্কিন নাগরিকদের ৪৮ ঘণ্টার জন্য বড় জমায়েত এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছিল।


















