মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ৪ শিশু!
- আপডেট সময় : ০৩:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ২১৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :
মায়ানমারের জান্তা বাহিনী একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত চার শিশু নিহত ও ১০ জনের বেশি আহত হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির কারেনি (কায়া) প্রদেশের একটি স্কুলে হামলা ও হতাহতের ঘটনা ঘটেছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে মিয়ানমারের ইরাবদি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, মিয়ানমারের জান্তা বাহিনী সোমবার কারেনি (কায়া) প্রদেশের ডেমোসো শহরের একটি স্কুলে বোমা হামলা চালায়। এই হামলায় অন্তত চার শিশু নিহত ও ১০ জনের বেশি আহত হয়েছে।
ডেমোসো শহরের একজন স্বেচ্ছাসেবক ইরাবদিকে বলেছেন যে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ডাউসিই গ্রামের স্কুলে দুটি যুদ্ধবিমান বোমা হামলা করে এবং মেশিনগানে গুলি চালায়।
ওই স্বেচ্ছাসেবক বলেন, ওই এলাকায় জান্তা বাহিনী ও প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে কোনো সংঘর্ষ না হওয়া সত্ত্বেও হামলা চালানো হয়েছে।
ডাউসিই গ্রামটি ডেমোসো শহরের প্রায় ১০ মাইল পশ্চিমে কারেনি প্রদেশের রাজধানী লোইকাও যাওয়ার রাস্তায় অবস্থিত। এটি এখন আংশিকভাবে কারেনি ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (কেএনডিএফ) নিয়ন্ত্রণে রয়েছে।
ওই স্বেচ্ছাসেবক আরও বলেন, ‘হামলা করা স্কুলে কিন্ডারগার্টেন থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পড়ানো হয়। জান্তা বাহিনীর বিমান হামলা ও গোলাগুলি থেকে তাদের রক্ষা করার জন্য স্কুল কম্পাউন্ডে বোমা আশ্রয়কেন্দ্র রয়েছে। কিন্তু আচমকাই হামলার ঘটনা ঘটে এবং এর ফলে শিশুদের নিরাপদে যাওয়ার সুযোগ হয়নি।’ বোমা হামলায় স্কুল ভবনের ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে এবং হামলায় আহত অনেক শিশুর অবস্থা আশঙ্কাজনক।
ইরাবতীর মতে, যুদ্ধের কারণে অন্যান্য এলাকা থেকে বাস্তুচ্যুত লোকেরা এই দাউসি গ্রামে আশ্রয় নিয়েছিল এবং স্থানীয় এবং বাস্তুচ্যুত উভয় শিশুই এই গ্রামের স্কুলে পড়ে। এছাড়া জান্তা বাহিনীর যুদ্ধবিমান আশপাশের আরেকটি গ্রামেও বোমাবর্ষণ করে। তবে ওই হামলায় হতাহতের পরিসংখ্যান এখনো জানা যায়নি।
কারেনি সেনাবাহিনীর মুখপাত্র কো হোপন নাইং ইরাবতীকে বলেছেন যে যুদ্ধবিমানগুলি সকাল জুড়ে গ্রামের উপর দিয়ে উড়ে যায় এবং এক পর্যায়ে স্কুলে বোমাবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই তিন শিশু নিহত এবং অনেকে আহত হয়। তবে হতাহতের সঠিক পরিসংখ্যান দেওয়া কঠিন।


















