মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
- আপডেট সময় : ০২:২৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ২১৫ বার পঠিত

হাবিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে কেক কাটার মাধ্যমে। দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দ। এরপর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ মালয়েশিয়া শাখা ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মুকবুল হোসেন মুকুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদ।
এসময় বক্তারা শেখ হাসিনার রাজনৈতিক জীবন আদর্শ তুলে ধরে আলোচনা করে বলেন, চার দশকের রাজনৈতিক জীবনে অনন্য মেধা ও দক্ষতা দিয়ে জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, রাষ্ট্র পরিচালনা ও দেশের উন্নয়নে অসামান্য দৃঢ়তা দেখিয়েছেন তিনি।
বক্তারা আরও বলেন, স্বাধীন দেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন বাস্তবায়নে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। দেশকে, দেশের মানুষকে সুরক্ষায় নিজেকে নিয়োজিত রেখেছেন দেশের উন্নয়নের স্বার্থে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, নিরাপদ ও কল্যানময় জীবন কামনা ও তার পরিবারের নিহত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইমাম হাফেজ মাওলানা ইকরামুল হক।





















