বেড়েই চলেছে এনবিএফআই’র খেলাপি ঋণ
- আপডেট সময় : ০২:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ১৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) খেলাপি ঋণ বেড়েই চলেছে। ডিসেম্বর শেষে এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১৬ হাজার ৮২১ কোটি টাকা। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠানে খেলাপি ঋণ ৮৫ শতাংশ ছাড়িয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে ৩৫টি আর্থিক প্রতিষ্ঠানের মোট ঋণ ও বিনিয়োগ দাঁড়িয়েছে ৭০ হাজার ৪৩৫ কোটি টাকা। খেলাপি ঋণের পরিমাণ ১৬ হাজার ৮২১ কোটি টাকা। শতাংশ হিসাবে ২৩.৮৮ শতাংশ। যদিও ২০২১ সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ১৩ হাজার ১৭ কোটি টাকা। সে অনুযায়ী এক বছরে খেলাপি বেড়েছে ৩ হাজার ৮০৪ কোটি টাকা।
এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৯.৪৪ শতাংশ নিয়ে খেলাপির শীর্ষে রয়েছে পিপলস লিজিং। আর খেলাপির তালিকায় ৯৬.২৭ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিআইএফসি এবং ৯৪ দশমিক ৩৪ শতাংশ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স। এছাড়া ৯০.৪০ শতাংশ ডিফল্ট হার নিয়ে এফএএস ফাইন্যান্স চতুর্থ অবস্থানে, ইন্টারন্যাশনাল লিজিং ৮৭.৩২ শতাংশ নিয়ে পঞ্চম অবস্থানে এবং ফাস্ট ফাইন্যান্স ৮৫.৯৬ শতাংশ নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে।
অধিকাংশ আর্থিক প্রতিষ্ঠান যথাযথ যাচাই-বাছাই ছাড়াই জালিয়াতির মাধ্যমে ঋণ দিয়েছে। এ ছাড়া বেনামে বিপুল পরিমাণ ঋণ বিতরণের কারণে খেলাপি ব্যাপক হারে বাড়ছে। অনেক প্রতিষ্ঠানই আমানত ফেরত দিতে পারছে না। এতে গ্রাহকদের আস্থা কমে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

























