বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে রংপুরের জয়
- আপডেট সময় : ০৬:০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ২০১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে রংপুর রাইডার্স। কুমিল্লাকে ৮ রানে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় জয় পেল রংপুর।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাট করে রংপুর রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে বাবর আজম ৩৬ বলে ৩৭ এবং আজমতুল্লাহ ওমরজাই ২০ বলে ৩৬ রান করেন।
১৬৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত উইকেট হারায় কুমিল্লা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান ওপেনার লিটন দাস। এরপর ক্রিজে আসা মাইদুল অঙ্কনকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন মোহাম্মদ রিজওয়ান।
৫৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। দলের ৬০ রানে ২১ বলে ১৭ রান করে আউট হন রিজওয়ান। এরপর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ব্যাট করেন অঙ্কন।
সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। তবে দলের ১১৩ রানের লক্ষ্যে ৫৫ বলে ৬৩ রান করে আউট হন কুমিল্লার এই ব্যাটসম্যান।
শেষ পর্যন্ত রংপুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কুমিল্লা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স।




















