ফিলিপাইনের ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে জাপানে সুনামি
- আপডেট সময় : ০২:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ২৩৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের ফলে জাপানের হাচিজোজিমা দ্বীপে ৪০ সেন্টিমিটার বা ১.৩ ফুট পর্যন্ত সুনামির ঢেউ দেখা গেছে। দ্বীপটি জাপানের রাজধানী টোকিও থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। জাপানের আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
এর আগে ৩ ফুট উচ্চতার সুনামির সতর্কতা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ৮টা ৩৭ মিনিটের দিকে রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইনের মিন্দানাও।
মিন্দানাওয়ের কিছু অংশ এবং দক্ষিণ-পশ্চিম জাপানের উপকূল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস অনুসারে, শনিবার ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ৩২.৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি।
অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ঊগঝঈ) বলছে যে মিন্দানাওতে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫। ভূপৃষ্ঠ থেকে ৬৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা ভূমিকম্পের পর মিন্দানাও দ্বীপে সুনামি সতর্কতা জারি করেছে।
এর আগে, গত মাসে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ১৭ নভেম্বরের ওই ভূমিকম্পে দেশটির সারাঙ্গানি, কোটাবাটো এবং দাভাও প্রদেশে অন্তত আটজনের প্রাণহানি ঘটে। এছাড়া ভূকম্পনে আহত হন আরও ১৩ জন। ভূমিকম্পে দেশটিতে অর্ধ-শতাধিক বাড়িঘর এবং অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়।


















