পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে অভিযানে ভোক্তা-অধিকার অধিদপ্তর
- আপডেট সময় : ০৩:৫৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ২১৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের পর বাংলাদেশের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। হু হু করে এই কৃষিপণ্যের দাম বাড়ছেই। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভোক্তা অধিকার জানায়, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ঢাকাসহ সারাদেশে অভিযান চালানো হবে।
এর আগে গত বৃহস্পতিবার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত। যা গতকাল শুক্রবার থেকে কার্যকর হয়েছে। ভারত সরকারের এই ঘোষণার পর বাংলাদেশের বাজারে রাতারাতি বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম।
সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশে আমদানি করা পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। ফলে ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার তেমন প্রভাব পড়বে না।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড বা বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জানিয়েছে, নিজেদের দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পণ্যটি রপ্তানির ওপর আগামী মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
ভোক্তা অধিকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৯ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করবে। অধিদপ্তরের চার কর্মকর্তার নেতৃত্বে চারটি পৃথক দল ঢাকায় বাজার অভিযান পরিচালনা করবে। এছাড়া দেশের সব বিভাগীয় ও জেলা কার্যালয় সারাদেশে অভিযান পরিচালনা করবে।
ভারতের বাজারে পেঁয়াজের দাম বাড়ার কারণে, দেশের কেন্দ্রীয় সরকার ২৯ অক্টোবর পেঁয়াজের রপ্তানি মূল্য প্রতি টন ৮০০ মার্কিন ডলার নির্ধারণ করে। এই নিষেধাজ্ঞা ৩১ ডিসেম্বর পর্যন্ত দেওয়া হয়েছিল তবে তিন সপ্তাহ আগে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। মেয়াদ শেষ।
এদিকে ভারত রপ্তানি নিষেধাজ্ঞা ঘোষণার পর দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। একদিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১২০ টাকা বেড়েছে। রাজধানীর খুচরা বাজারে এই পেঁয়াজ এখন কেজি ২৪০ টাকা। প্রতি কেজি ৯০ টাকা বেড়ে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। কেউ কেউ ২২০ টাকাও নিচ্ছেন।




















