পতনের নতুন স্তরে পাকিস্তানের ক্রিকেট, ওয়াসিম আকরামের উদ্বেগ
- আপডেট সময় : ০২:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পঠিত

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর পাকিস্তান ক্রিকেটের দীর্ঘদিনের সংকট আবারও সামনে এসেছে। পাকিস্তানের এই পতনের পেছনে দীর্ঘদিনের অবহেলাকেই বড় কারণ বলে মনে করছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।
ওয়াসিম আকরামের মতে, সমস্যাগুলো যখন সমাধানের উদ্যোগ না নেওয়ায় এমন পতন হওয়াটাই স্বাভাবিক ছিল। এএফপিকে তিনি বলেন, ‘এটি হতাশাজনক পরিস্থিতি। তবে গত পাঁচ বছর ধরেই আমি এমন কিছু ঘটতে পারে বলে দেখতে পাচ্ছিলাম। এর জন্য নির্দিষ্ট কোনো একজন ব্যক্তি বা একটি বিষয়কে দায়ী করা যায় না, কারণ এর পেছনে অনেক কারণ রয়েছে।’
শুধু পিসিবি চেয়ারম্যানকে দায়ী করে সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘আমাদের বুঝতে হবে, লাল বলের ক্রিকেটে আমাদের প্রতিভার ঘাটতি রয়েছে। সাদা বলের দল মোটামুটি ভালো। পিসিবি চেয়ারম্যানকে দোষ দেওয়া সহজ। কিন্তু আমরা যখন ঘুমিয়ে ছিলাম এবং সামগ্রিক সমস্যাগুলো সমাধানের চেষ্টা করিনি, তখন এমন পতন ঘটাটাই স্বাভাবিক।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও বর্তমান পরিস্থিতিকে ‘অন্ধকারাচ্ছন্ন’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে এখন কঠিন সময় চলছে। এভাবে খেলোয়াড়দের অসম্মান করা যায় না এবং আপনাদের ব্যবস্থাপনাও শক্তিশালী নয়।’





















