নভেম্বরে রপ্তানি আয়ের পাশাপাশি কমেছে প্রবৃদ্ধিও
- আপডেট সময় : ০৭:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ২১৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
চলতি অর্থবছরের পঞ্চম মাসে রপ্তানির গতিও নেতিবাচক। গত বছরের নভেম্বর মাসের তুলনায় চলতি বছরের নভেম্বরে রপ্তানি আয় কমেছে ৬ দশমিক শূন্য ৫ শতাংশ। তাছাড়া রপ্তানি প্রবৃদ্ধিও কমেছে। নভেম্বর মাসে রপ্তানি আয় ৪৭৮ কোটি ৪৮ লাখ ডলারে পৌঁছেছে। গত বছরের একই মাসে রপ্তানি আয় ছিল ৫০৯ কোটি ২৫ লাখ ডলার।
অর্থাৎ গত বছরের নভেম্বরের তুলনায় এ বছর রপ্তানি আয় কমেছে ৬ দশমিক শূন্য ৫ শতাংশ। তাছাড়া গত অক্টোবর মাসে দেশের মোট রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৫২ শতাংশ, এক মাসে রপ্তানি প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৩ শতাংশে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে মোট রপ্তানি আয় ২২ দশমিক ২৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আগের বছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ২১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। নভেম্বর পর্যন্ত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। কিন্তু পাঁচ মাস শেষে তা লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ২৩ শতাংশ পিছিয়ে রয়েছে। তবে গত বছরের তুলনায় এবার রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৩০ শতাংশ।
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের রপ্তানি আয় গত বছরের তুলনায় বাড়লেও এ খাতের প্রবৃদ্ধিও আগের মাসের তুলনায় কিছুটা কমেছে। নভেম্বর শেষে তৈরি পোশাক রপ্তানি আয় ১৮ দশমিক ৮৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে এ খাতে রপ্তানি হয়েছিল ১৮ দশমিক ৩৩ বিলিয়ন ডলার।
গত বছরের তুলনায় রপ্তানি ২ দশমিক ৭৫ শতাংশ বেশি হয়েছে। গত বছরের তুলনায় রপ্তানি আয় বাড়লেও গত অক্টোবরের তুলনায় পোশাকের প্রবৃদ্ধি কমেছে। অক্টোবরে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ছিল ৫.৯৫ শতাংশ, কিন্তু নভেম্বরে তা কমে ২.৭৫ শতাংশে নেমে আসে।




















