দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী পিটিআই:দাবি ইমরান খানের
- আপডেট সময় : ০৩:২১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ২২৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :
দুই দিন পেরিয়ে গেলেও ভোট গণনা শেষ হয়নি। পাকিস্তানের নির্বাচন কমিশন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেনি। এ অবস্থায় দেশে নির্বাচনে জয়ের দাবি, পাল্টা দাবি শুরু হয়েছে।
নওয়াজ শরিফ শুক্রবার বলেছেন যে তার দল ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে এবং তিনি ঐক্য সরকার গঠন করতে চান। উল্টো আজ ইমরান খান দাবি করছেন যে পিটিআই নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন বিজয়ী হয়েছে। এমনকি তাকে ১৪ মামলায় জামিন দেওয়া হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) ইসলামাবাদের সন্ত্রাসবাদ বিরোধী আদালতের (এটিসি) বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে ১৪ মামলা থেকে ইমরানকে জামিন দেন।
এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি একটি ভিডিও বার্তায় ইমরান বলেন, পিটিআই জাতির অভূতপূর্ব সংগ্রামের মাধ্যমে ভূমিধস বিজয় অর্জন করেছে। বৃহস্পতিবারের নির্বাচনে পিটিআই সমর্থকদের বিপুল জনসমর্থন দেখে হতবাক সবাই। এখন আমাদের কেউ আটকাতে পারবে না। উদযাপন করুন এবং আল্লাহর শুকরিয়া করুন। দুই বছরের নিপীড়ন ও অবিচারের পরও আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতেছি। আপনাদের ভোটের শক্তি সবাই দেখেছে, এখন আপনার ভোট রক্ষা করতে প্রস্তুত থাকুন।
এর আগে, পিটিআই জেলে ইমরানের বক্তৃতা তার সমর্থকদের কাছে পৌঁছে দিতে এআই-জেনারেটেড ভিডিও বার্তার সাহায্য নিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ইমরান খানের ভেরিফায়েড পেজে এই ভিডিও পোস্ট করা হয়েছে। এই ভিডিও বার্তায় তিনি নওয়াজ শরিফকে ‘ছোট মানুষ’ বলে সমালোচনা করেন।



















