দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ১৫ সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের
- আপডেট সময় : ০৩:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ২৭৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।
লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিনত জবেইল জেলাসহ বেশ কিছু স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা বিনত জবেইল এলাকার একটি ভবনে রাতভর হামলা চালিয়েছে। ওই ভবনটিতে হিজবুল্লাহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ওই ভবনে বিপুল পরিমাণ অস্ত্র সংরক্ষণ করা হয়েছিল বলেও জানানো হয়েছে। খবর বিবিসির।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, বিমান হামলায় আনুমানিক হিজবুল্লাহর ১৫ সদস্য নিহত হয়েছে। এছাড়া লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে প্রায় ২০০ স্থানে হামলা চালানো হয়।
এর আগে আইডিএফ জানিয়েছিল যে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে তাদের আটজন সৈন্য নিহত হয়েছেন। এছাড়া আরও সাত সেনা সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, যেসব সেনা নিহত হয়েছেন তাদের মধ্যে তিনজন ইগোজ ইউনিটের সদস্য।
একই সঙ্গে তাদের শীর্ষ নেতৃত্ব শেখ হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন এবং লেবাননে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। তবে লেবাননে সম্মুখ যুদ্ধে ইসরায়েলি সেনাদের প্রতিহত করার দাবি করেছে হিজবুল্লাহ।


















