ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো রংপুর
- আপডেট সময় : ০৬:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ২৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সাকিব আল হাসানের অলরাউন্ড দক্ষতার নৈপণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টেবিলের শীর্ষেই রয়েছে রংপুর রাইডার্স। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নিজেদের সপ্তম ম্যাচে ঢাকাকে ৬০ রানে হারিয়েছে রংপুর। ব্যাট হাতে ২০ বলে ৩৪ রান করার পর বোলিংয়ে ১৬ রানে ৩ উইকেট নেন সাকিব। ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলো রংপুর।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রংপুরকে ৪৬ বলে ৬৭ রানের সূচনা এনে দেয় দুই ওপেনার রনি তালুকদার ও পাকিস্তানের বাবর আজম।
নিজের ইনিংসের শুরুতে সাবধান থাকলেও, পরের দিকে মারমুখী হন সাকিব। শ্রীলঙ্কার চাতুরাঙ্গা ডি সিলভার করা ১৪তম ওভারের প্রথম দু’বলে ছক্কা মারেন একবার জীবন পাওয়া সাকিব। তবে বাবরের ফেরার ওভারেই মোসাদ্দেকের শিকার হন ১টি চার ও ৩টি ছক্কায় ২০ বলে ৩৪ রান করা সাকিব।
রংপুরের ইনিংসের শেষ দিকে অধিনায়ক নুরুল হাসান সোহান ও আফগানিস্তানের মোহাম্মদ নবীর জুটি ২২ বলে ৪৪ রান করে। এতে রংপুর ৪ উইকেটে ১৭৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায়।
রংপুরের স্পিনার মাহেদী হাসানের ১৭৬ রানের টার্গেটে শুরুতেই দলীয় ৪ রানে ২ উইকেট হারায় ঢাকা। মেহেদি শিকার করেন সাব্বির হোসেনকে ১ রানে এবং পাকিস্তানের সাইম আইয়ুবকে ২ রানে।
প্রাথমিক ধাক্কা সামলাতে অন্য প্রান্তে আক্রমণাত্মক ছিলেন ওপেনার মোহাম্মদ নাইম। নাইম ৩১ বলে ৩ চার ও ছক্কায় ৪৪ রান করে পাকিস্তানি পেসার সালমান এরশাদের বলে আউট হন।
৫৭ রানে নাইম ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২ বল বাকি থাকতে ১১৫ রানে অলআউট হয়ে যায় ঢাকা। নাইমের পর উইকেটরক্ষক ইরফান শুক্কুর ২১ রান করেন, তাসকিন আহমেদ করেন ১৫ রান। রংপুরের সাকিব ৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট নেন। মেহেদী-এরশাদ ও হাসান ২টি করে উইকেট নেন।























