জুন মাসে মোট পোশাক রপ্তানি ৪.৩৬ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬.৫৭ শতাংশ
- আপডেট সময় : ০৪:০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ৩৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
জুন মাসে মোট পোশাক রপ্তানি হয়েছে ৪.৩৬ বিলিয়ন ডলার, একই মাসে ৬.৫৭ শতাংশ প্রবৃদ্ধি। জুন মাসে, লক্ষ্যমাত্রা ছিল ৪.৪৯ বিলিয়ন ডলার, যেখানে ৪.৩৬ বিলিয়ন ডলার অর্জন করা হয়েছে। যা এ খাতে মোট লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৯০ শতাংশ কম।
এদিকে মে মাসের ধারবাহিকতায় জুন মাসেও রপ্তানিতে ইতিবাচক প্রভাব অব্যাহত রয়েছে। আগের বছরের একই মাসের তুলনায় জুনে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ২ দশমিক ৫১ শতাংশ। তবে আলোচিত জুন মাসে পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি বাড়লেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ দশমিক ৬৬ বিলিয়ন ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে ৯ দশমিক ৬১ শতাংশ কম অর্জিত হলেও প্রবৃদ্ধি হয়েছে আড়াই শতাংশ। গত বছর এ সময়ে ৪ দশমিক ৯০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।
বরাবরের মতো এবারও রপ্তানিতে এগিয়ে রয়েছে দেশের পোশাক খাত। এ খাত থেকে এসেছে ৪৬ বিলিয়ন ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ২৭ শতাংশ।
সদ্যবিদায়ী ২০২২-২৩ অর্থবছরের শেষ মাস জুনে ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১ দশমিক ৯০ বিলিয়ন ডলার আর প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৯৯ শতাংশ। নিটওয়্যার পোশাক রপ্তানি হয়েছে ২ দশমিক ৪৬ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৪০ শতাংশ।

























