চিনির আমদানি শুল্ক কমালো সরকার
- আপডেট সময় : ০৪:২৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ২৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সরকার চিনির আমদানি শুল্ক কমিয়েছে। আমদানি করা অপরিশোধিত চিনির ওপর প্রতি টন ১,৫০০ টাকা এবং পরিশোধিত চিনিতে ৩,০০০ টাকা করে আমদানি শুল্ক কমানো হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অপরিশোধিত চিনি আমদানির ক্ষেত্রে প্রতি টন আমদানি শুল্ক দিতে হবে ১৫০০ টাকা। আর পরিশোধিত চিনির ক্ষেত্রে প্রতি টন আমদানি শুল্ক হবে তিন হাজার টাকা।
এর আগে অপরিশোধিত চিনি আমদানির ক্ষেত্রে প্রতি টন তিন হাজার টাকা আমদানি শুল্ক দিতে হতো। আর পরিশোধিত চিনির ক্ষেত্রে প্রতি টন আমদানি শুল্ক ছিল ছয় হাজার টাকা। অর্থাৎ উভয় ধরনের চিনির আমদানি শুল্ক অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।
শুল্ক কমানোর এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে এনবিআর’র প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত চিনির আমদানি শুল্ক ছাড়ের এই সুবিধা পাওয়া যাবে।
আমদানি শুল্কের পাশাপাশি চিনিতে ৩০ শতাংশ নিয়ন্ত্রক শুল্ক রয়েছে। এছাড়া আমদানিকারকদের দিতে হয় ১৫ শতাংশ ভ্যাট। এছাড়াও ২ শতাংশ অগ্রিম আয়কর দিতে হয়।
বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩০ থেকে ১৩৫ টাকায়। সরকারি সংস্থা টিসিবি জানিয়েছে, এক বছরে খুচরা পর্যায়ে চিনির দাম বেড়েছে ২০ দশমিক ৪৫ শতাংশ। এক বছর আগে চিনির দাম ছিল ১০৫ থেকে ১১৫ টাকা কেজি।




















