কলম্বিয়ায় ভারী বর্ষণে ভূমিধস, নিহত ৩৩
- আপডেট সময় : ০৩:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ২৪৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু। এছাড়া আটকে পড়েছেন অনেকে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক এবং তাদের অনেকেই এখনও মাটির নিচে চাপা পড়ে আছে।
ভূমিধসের ফলে মেডেলিন এবং কুইবডো সংযোগকারী রাস্তাও বন্ধ হয়ে গেছে। যে কারণে উদ্ধার তল্লাশি কার্য চালাতে বেগ পেতে হচ্ছে কর্মীদের।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে দেশটির মেডেলিন ও কুইবডো শহরে একাধিক ভূমিধসের ঘটনা ঘটে। রোববার (১৪ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এছাড়া ভূমিধসের ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোও সার্বিক পরিস্থিতি দেখিয়েছে। সেসব ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, বেশ কিছু গাড়ি মাটির স্তূপের নিচে চাপা পড়ে আছে।
এদিকে, কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ ভূমিধসের পর এক সাক্ষাৎকারে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শনিবার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ‘এই ট্র্যাজেডিতে ৩৩ জনের মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। ওই অঞ্চল থেকে পাওয়া প্রাথমিক রিপোর্ট অনুসারে নিহতদের বেশিরভাগই শিশু।’
তিনি আশ্বস্ত করেছেন যে আটকে পড়া ব্যক্তিদের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো প্রোটো চোকো ভূমিধসের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। কলম্বিয়ায় সম্প্রতি ভয়াবহ খরা দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর এর আগে প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চল এবং আমাজন রেইনফরেস্টে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছিল।


















