করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-হামাস যুদ্ধ: নতুন নতুন চ্যালেঞ্জের মুখে বিশ্ব অর্থনীতি, ২০২৪ সালেও কি চাপে থাকবে?
- আপডেট সময় : ০৭:৪২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ৫২৮ বার পঠিত

আয়েশা আক্তার:
বিশ্বায়নের এই যুগে বৈশ্বিক পরিস্থিতির বিভিন্ন ঘটনা সরাসরি প্রভাব ফেলছে বিশ্ব অর্থনীতিতে। করোনার পরপরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল-হামাস এর মধ্যকার সংঘাত; একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বিশ্ব। করোনার সময় দীর্ঘ লকডাউনে বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে। এর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পরিবহন চেইন ভেঙে যাওয়ায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে অর্থনীতি। বর্তমানে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধও অর্থনীতিতে নতুন শঙ্কা তৈরি করেছে। সব মিলিয়ে অমীমাংসিত কতগুলো সমস্যা নিয়েই শুরু হচ্ছে ২০২৪ সাল।
সিএনএন বিজনেসের এক বিশ্লেষণে বলা হয়, হামাস ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তাতে বিশ্ব অর্থনীতি ভয়ানক অনিশ্চয়তায় পড়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে এমনিতেই মূল্যস্ফীতির চাপ ও বিশ্ব প্রবৃদ্ধি নিম্নমুখী। তার মধ্যে নতুন করে এ যুদ্ধের প্রভাব শুধু আঞ্চলিক অর্থনীতিতেই সীমাবদ্ধ থাকবে না। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে। এমনকি বিশ্বের বড় অর্থনৈতিক দেশগুলোর আন্তঃসংযোগে যে ফাটল তৈরি হয়েছে তা আরো বাড়াবে।
বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধের ফলে জ্বালানি তেলের দাম বাড়বে, মূল্যস্ফীতির চাপ বৃদ্ধি পাবে এবং বিশ্বের বড় অর্থনৈতিক দেশগুলোর মধ্যে বিভক্তি আরও তীব্র করবে। এ যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। এ অঞ্চলে সৌদি আরব, ইরান ও কাতারের মতো শীর্ষ জ্বালানি উৎপাদক দেশগুলোই শুধু অবস্থান করছে না, সেই সঙ্গে সুয়েজ খালের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথও রয়েছে। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানির পাশাপাশি বিশ্ববাণিজ্যে এর প্রভাব পড়বে।
আবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের ঢেউ গিয়ে পৌঁছেছে লোহিত সাগরে। কারণ বিদ্রোহী গোষ্ঠী হুথি সেখানে বাণিজ্যিক জাহাজা লক্ষ্য করে হামলা শুরু করে। ইরানের সমর্থনে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানাতেই সেখানে হামলা শুরুর ঘোষণা দেয় হুথি। হুথি যোদ্ধাদের মূল লক্ষ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মৃত্যু। সম্প্রতি তারা ইসরায়েলে হামলা চালানোর মতো দীর্ঘ পরিসরের একটি ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে যেটি এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারবে।
এই পরিসরের ক্ষেপণাস্ত্র খুব একটা উদ্বেগের না হলেও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার বিষয়টি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার ঘটনায় বেড়ে যেতে পারে পরিবহন খরচ। কারণ জাহাজগুলোকে আফ্রিকা ঘুরে ইউরোপে যেতে হবে। এতে দেশে দেশে মূল্যস্ফীতিতে প্রভাব পড়তে পারে।
বিশ্বের এমন অস্থিরতার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতেও। অক্টোবরে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট, নিউ ফ্রন্টিয়ার্স ইন পভার্টি রিডাকশন’ শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক ২০২৪ সালে বাংলাদেশের অর্থনীতির পূর্বাভাস দিয়ে জানিয়েছে, ২০২৩ সালে দেশের জিডিপি কমেছে, এটি আগের পর্যায়ে আসার আগে আরেক দফা কমবে। ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত দেশের অর্থনীতি চাপের মধ্যে থাকবে। এরপর ধাপে ধাপে স্বাভাবিক হতে শুরু করবে। তবে ২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়িয়ে জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশে দাঁড়াবে বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক এ সংস্থাটি।
দেশের অর্থনীতিবিদরা বলছেন, বছরের শুরুতে নির্বাচনের ওপর আগামী বছরের অর্থনীতি অনেকখানি নির্ভর করে। নির্বাচনের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ সুগম হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বিশ্বের এমন অস্থিরতা ঠিক কতদিন চলমান থাকবে তা বলা কঠিন। যার ফলে ২০২৪ সালে বিশ্বের অর্থনীতির চিত্র কেমন রূপে দেখা যাবে তা নিয়ে এখনো বিশ্লেষণা চলছে।





















