এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ
- আপডেট সময় : ০৩:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ২৩৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।
জানুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়বে না কমবে, তা জানা যাবে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি)। এই দিনে এক মাসের জন্য নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিইআরসি জানা হয়, ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে। সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম চার দফা কমেছিল এবং সাত দফা বাড়ানো হয়েছিল। তবে ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত রাখা হয়। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে দাম বাড়ানো হয়েছিল, আর এপ্রিল, মে, জুন ও নভেম্বরে দাম কমানো হয়েছিল।

























