ঈদের আগে লিটারে ১০ টাকা দাম কমলো সয়াবিন তেলের
- আপডেট সময় : ০২:২৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ৪৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
কোরবানি ঈদের আগে দেশে সয়াবিন তেলের দাম কমেছে। নতুন দাম অনুযায়ী প্যাকেটজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা কমে ১৮৯ টাকা, খোলা তেলের দাম ৯ টাকা কমে ১৬৭ টাকা এবং পাম তেলের দাম ২ টাকা কমে ১৩৩ টাকা হয়েছে।
রোববার (১১ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।
তপন কান্তি ঘোষ জানান, ঈদুল আজহার আগে সয়াবিন ও পাম তেলের দাম আরও কমতে পারে। আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলে চিনির দামও কমতে পারে।
এর আগে ৪ মে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১২ টাকা বাড়ানো হয়েছিল। সে সময় খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৭৬ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছিল প্রতি লিটার ১৯৯ টাকা। এছাড়া খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা।
এ সময় ভোজ্যতেল উৎপাদক সমিতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানায়, ভোজ্যতেল আমদানিতে সরকারের দেওয়া ভ্যাট অব্যাহতির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি আলোচনা সাপেক্ষে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বাণিজ্য ট্যারিফ কমিশনের সাথে ভোজ্যতেলের দাম সমন্বয় করেছে।
বাণিজ্য সচিব আরও বলেন, পাঁচ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সব পেঁয়াজ আসলে দাম আরও কমবে। ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে চিনি, পেঁয়াজ ও আদার দাম বাড়ার কোনো আশঙ্কা নেই।

























