ঈদুল আজহায় গরুর চামড়ার দাম বাড়লেও বাড়ছে না খাসির চামড়ার দাম
- আপডেট সময় : ০২:৪৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ৩৫২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চামড়ার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত মূল্য অনুযায়ী ঢাকায় লবণযুক্ত কোরবানির গরুর চামড়ার দাম পড়বে প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা। অন্যদিকে সারাদেশে ৪৫-৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গরুর চামড়ার দাম বাড়লেও লবণাক্ত খাসির চামড়ার দাম বাড়ছে না।
রোববার (২৫ জুন) বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এবার লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় তিন টাকা ও ঢাকার বাইরে পাঁচ টাকা বেড়েছে। আর খাসি ও ছাগলের চামড়ার দাম গতবারের মতোই রাখা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, কাঁচা লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫ থেকে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খাসি লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ২০ টাকা এবং ছাগলের চামড়া ১২ থেকে ১৪ টাকা।
গত বছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর খাসির লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ২০ টাকা এবং ছাগলের চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৪ টাকা।

























