ইসরায়েলি হামলায় গাজায় ৪১১৯ শিক্ষার্থী নিহত, আহত ৭৫৩৬
- আপডেট সময় : ০৩:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ২১৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :
৭ অক্টোবর থেকে মঙ্গলবার পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৪,১১৯ জন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন সাত হাজার ৫৩৬ শিক্ষার্থী। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে উদ্ধৃত করে শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজা ছাড়াও অধিকৃত পশ্চিম তীরে একই সময়ে ইসরায়েলি সেনাবাহিনী ৩৭ জন স্কুলছাত্রকে হত্যা করেছে। এ সময় আহত হয়েছেন আরও ২৮২ জন শিক্ষার্থী।
বিবৃতিতে আরো বলা হয়, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে ২২১ শিক্ষক ও শিক্ষাকর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৭০৩ জন।
নির্বিচারে বোমা হামলা ও স্থল হামলায় এ পর্যন্ত অবরুদ্ধ এলাকায় ৩৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান এবং অধিকৃত পশ্চিম তীরে ৩৮টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত ৭ অক্টোবর হামাস আক্রমণের পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় গাজায় ২২,০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ৫৭ হাজার ৬৯৭ জন।
হামাসের হামলায় এ পর্যন্ত ১,১৪০ ইসরায়েলি নিহত হয়েছেন।


















