আইএমএফ থেকে ঋণের দ্বিতীয় কিস্তি পেতে পারে বাংলাদেশ
- আপডেট সময় : ০৪:৪৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ২৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আগামী ডিসেম্বরের মধ্যে আইএমএফ থেকে ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮১ মিলিয়ন বা ৬৮ কোটি ১০ লাখ ডলার পেতে পারে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে রিজার্ভের কথা বললেও নেট রিজার্ভের কথা বলেননি।
এর আগে সকাল ১০টা থেকে আইএমএফ ও বাংলাদেশ ব্যাংকের বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের নেতৃত্ব দেন গভর্নর আবদুর রউফ তালুকদার। আর ১৩ সদস্যের আইএমএফ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মিশন প্রধান রাহুল আনন্দ।
আজকের বৈঠকে দ্বিতীয় কিস্তির শর্ত চূড়ান্ত করা হয়। ঋণ চুক্তির প্রথম কিস্তির অর্থ ব্যবহারের অগ্রগতি দেখতে ৪ অক্টোবর আইএমএফের পর্যালোচনা মিশনের প্রতিনিধি দল আর্টিকেল-ফোরের অধীনে বাংলাদেশ সফর করে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, ‘আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির জন্য দেওয়া ৬ শর্তের দুই শর্ত পূরণ করতে পারিনি, বাকিগুলো পূরণ হয়েছে। তবে দুটি শর্ত কেন পূরণ করা যায়নি তার ব্যাখ্যা আইএমএফকে আমরা দিয়েছি। ব্যাখ্যায় তারা সন্তোষ প্রকাশ করেছে। আগামী ১১ ডিসেম্বর আইএমএফের বোর্ড মিটিং আছে। আশা করছি সেখানে দ্বিতীয় কিস্তির অনুমোদন আসবে। আমরা ঋণের দ্বিতীয় কিস্তি পাবো।’
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পর্কে তিনি বলেন, ‘নিট রিজার্ভ সম্পর্কে আমি এখন বুঝতে পারছি না। তবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব সম্পর্কে বলতে পারবো। বিপিএম ৬ অনুযায়ী হিসাব প্রতি সপ্তাহে ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে।’
মেজবাউল হক আরও বলেন, ‘আমরা যে দুই শর্ত পূরণ করতে পারিনি তার একটি নিট রিজার্ভ সেপ্টেম্বর পর্যন্ত ২৫ দশমিক ৩ বিলিয়নে রাখা, সেটা হয়নি। অন্যটি হলো রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন। রাজস্ব আহরণের লক্ষ্য ৩ লাখ ৪৫ হাজার ৬৩০ কোটি টাকা, বিপরীতে ১৪ হাজার পিছিয়ে রয়েছে আদায়।’
আইএমএফ মোট ৪.৭ বিলিয়ন ডলার বা ৪.৭০ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি অনুমোদনের পর গত ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশ প্রথম কিস্তির ৪৭৬.২ মিলিয়ন ডলার পেয়েছে। আইএমএফ ঋণের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করে। তন্মধ্যে, বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারমুখী করা, ব্যাংক ঋণে সুদ হারের ৯ শতাংশের সীমা তুলে দেওয়া, ব্যাংক ঋণের ঝুঁকিভিত্তিক সম্পদের তথ্য প্রকাশ, রিজার্ভের হিসাব আইএমএফ স্বীকৃত পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী করে প্রকাশ, ব্যাংক খাতে খেলাপি ঋণ কমিয়ে আনা, শেয়ারবাজারের উন্নয়নসহ বেশকিছু আর্থিক ও নীতি সংস্কারে মধ্যে দিয়ে যেতে হয় বাংলাদেশকে।





















