৩১ ফিলিস্তিনি সাংবাদিক বন্দি করে রেখেছে ইসরায়েল
- আপডেট সময় : ০৪:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ ৩৪৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :
অন্তত ৩১ জন ফিলিস্তিনি সাংবাদিককে ইসরায়েলের কারাগারে বন্দি রাখা হয়েছে। সম্প্রতি দিয়া আল-কাহলাইত নামে এক সাংবাদিককে মুক্তি দেওয়া হয়। তিনি এআই আরাবি আল জাবেদ মিডিয়ার গাজা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খবর আল জাজিরার।
রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) অনুসারে, ৭ অক্টোবর থেকে অন্তত ৩২ ফিলিস্তিনি সাংবাদিককে ইসরায়েলি বাহিনী গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজনকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি হলেন দিয়া আল-কাহলাইত।
বাকি ৩১ জন ফিলিস্তিনি সাংবাদিক এখনও বন্দী রয়েছেন। তাদের বেশিরভাগের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী কোনো অভিযোগ আনতে পারেনি। কিন্তু বিনা অভিযোগে দিনের পর দিন তাদের আটক করা হচ্ছে।
মিডিয়া রাইটস গ্রুপের মতে, জেলে বন্দি সাংবাদিকরা সবাই ফিলিস্তিনি মিডিয়া আউটলেটের জন্য কাজ করেন বা ফ্রিল্যান্সার। তাদের বেশির ভাগই অধিকৃত পশ্চিম তীরে গ্রেফতার হয়েছে।
আরএসএফ জানিয়েছে, গাজা উপত্যকায় যুদ্ধ চলাকালীন সাংবাদিকদের এভাবে গ্রেফতার ও আটকের এই নজিরবিহীন ঘটনা এটাই প্রমাণ করে যে, ফিলিস্তিনি মিডিয়ার কণ্ঠ রোধ করতেই এমনটা করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার (৯ জানুয়ারি) মধ্য গাজায় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরাইল। ইসরায়েল এক বিবৃতিতে বলেছে যে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য মঙ্গলবার (৯ জানুয়ারি) থেকে মধ্য গাজায় সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের একজন সামরিক মুখপাত্র বলেছেন, দেইর আল-বালাহ শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য সামরিক কার্যক্রম স্থানীয় ও অস্থায়ীভাবে স্থগিত করা হচ্ছে।
গত ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত গাজায় কমপক্ষে ২৩ হাজার ৮৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৬০০ জনই শিশু। এছাড়া আরও প্রায় ৫৯ হাজার জন আহত হয়েছে।


















